স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার করিমপুর গ্রামে এক রাতেই তিনটি বাড়িতে দুঃসাহসিক গরু চুরির ঘটনা ঘটেছে।
সোমবার (৬ জুলাই) দিবাগত রাতে সংঘটিত এ ঘটনায় তিনটি গরু চুরি হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মহাসড়ক-সংলগ্ন গ্রামগুলোতে ধারাবাহিক গরু চুরির ঘটনায় কৃষক ও খামারিদের মধ্যে উদ্বেগ বাড়ছে। ক্ষতিগ্রস্তরা জানান, করিমপুর গ্রামের পূর্বপাড়ার আজিজুর বিশ্বাসের ছেলে মঞ্জুর বিশ্বাসের বাড়ি থেকে একটি বাছুর এবং পশ্চিমপাড়ার সাবেক ইউপি সদস্য শফিউদ্দিন মোল্যার দুই ছেলে আনোয়ার মোল্যা ও মনোয়ার মোল্যার বাড়ি থেকে একটি করে গাভি চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
গরুর মালিক মনোয়ার মোল্যা জানান, তাঁর বড় ভাই আনোয়ার মোল্যার গর্ভবতী গাভিটির আনুমানিক মূল্য ৮০ হাজার টাকা। তাঁর নিজের গাভিটির মূল্য প্রায় ৬০ হাজার টাকা এবং মঞ্জুর বিশ্বাসের চুরি হওয়া বাছুরটির আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা। সব মিলিয়ে প্রায় এক লাখ ৯০ হাজার টাকার গবাদিপশু চুরি হয়েছে।
ভুক্তভোগীরা জানান, এ ঘটনায় এখনো থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে চুরি যাওয়া গরু উদ্ধারে তারা বিভিন্ন স্থানে খোঁজখবর নিচ্ছেন।
স্থানীয়রা অভিযোগ করেন, যশোর-নড়াইল মহাসড়ক-সংলগ্ন গ্রামগুলোতে প্রায়ই গরু চুরির ঘটনা ঘটছে।
বারবার এমন ঘটনার পরও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা না থাকায় কৃষক ও খামারিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা রাতের টহল জোরদার এবং গরু চুরি প্রতিরোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন।














