স্টাফ রিপোর্টার : মেধা ও যোগ্যতার ভিত্তিতে যশোর কর অঞ্চলে ১৩তম থেকে
২০তম গ্রেডের বিভিন্ন পদে ১১৮ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে। গতকাল
মঙ্গলবার নবাগত এসব কর্মচারীদের যোগদান উপলক্ষে কর অঞ্চল যশোরের উদ্যোগে
আয়োজন করা হয় এক ব্যতিক্রমী যোগদান ও বরণ অনুষ্ঠানের। শহরের মনিহার
তালতলা মোড়ের বিসমিল্লা কমিউনিটি সেন্টারে আয়োজিত এই যোগদান ও বরণ
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিয়োগ বোর্ডের সভাপতি ও যশোর কর অঞ্চলের
অতিরিক্ত কর কমিশনার মুরাদ আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর কর
অঞ্চলের কমিশনার মাসুদ রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোরের
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, যশোর
ক্যান্টনমেন্ট কলেজের অধ্যক্ষ লেঃ কর্ণেল আখতার হোনের, ট্যাক্স বার
যশোরের সাবেক সভাপতি সিনিয়র আইনজীবী মোয়াজ্জেম হোসেন টুলু এবং দৈনিক
মানবজমিন পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার এবং প্রেস ক্লাব যশোরের সাবেক
সহসভাপতি নূর ইসলাম। এছাড়া অনুষ্ঠানের শুরুতে নব নিয়োগ প্রাপ্ত
কর্মচারীবৃন্দ ও আমন্ত্রিত অতিথিবৃন্দকে স্বাগত জানিয়ে বক্তৃতা করেন যশোর
কর অঞ্চলের যুগ্ম কমিশনার মামুন মিয়া। অনুষ্ঠানের শুরুতে নতুন নিয়োগ
প্রাপ্তদের ফুল দিয়ে বরণ করে নেন কর অঞ্চল যশোরে কর্মরত সিনিয়র
স্টাফবৃন্দ। এসময় চাকুরীপ্রাপ্তদের অনেকেই আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন।
কারন বর্তমান সময়ে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারী বিশেষ করে
কর কমিশনের মতো প্রতিষ্ঠানে চাকুরী পাওয়া তাদের কাছে ছিলো স্বপ্নের মতো।
প্রধান অতিথি তার বক্তৃতায় যশোর কর অঞ্চলের প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস
তুলে ধরেন। তিনি জানান, ২০২৫ সালের ১০ এপ্রিল প্রেষনে খুলনা কর অঞ্চলের
৩২জন কর্মচারী নিয়ে যশোর কর অঞ্চলের যাত্রা শুরু হয়। যশোর, নড়াইল, মাগুরা
ও ঝিনাইদহ জেলায় ২২টি সার্কেলের কার্যক্রম গত এক বছর ধরে এই স্বল্প
সংখ্যক কর্মচারী দিয়ে পরিচালনা করতে গিয়ে নানা রকম সংকট মোকাবিলা করতে
হয়েছে। নানা রকম সীমাবদ্ধতা সত্বেও সদ্য সমাপ্ত অর্থ বছরের ১০ মাসে যশোর
কর অঞ্চলের মাধ্যমে ৯৭১ কোটি টাকার রাজস্ব আহরণ করা সম্ভব হয়েছে। এই কর
অঞ্চলকে সুসংহত করার লক্ষ্যে আমরা ১৩তম থেকে ২০তম গ্রেডে ১২২জন লোক
নিয়োগের প্রক্রিয়া শুরু করি । নানা ধাপ অতিক্রম করে সম্পূর্ণ মেধা ও
যোগ্যতার ভিত্তিতে আজ ১১৮জনের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হলো। আজ থেকে এই
১১৮জন যশোর কর অঞ্চল পরিবারের গর্বিত সদস্য। প্রধান অতিথি স্বচ্ছতার সাথে
মেধা ও যোগ্যতার ভিত্তিতে এই বিপুল সংখ্যক কর্মচারী নিয়োগে সহায়তার জন্য
যশোর-৩ সদর আসনের সংসদ সদস্য মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম
অমিতসহ যশোরের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং
সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের সহযোগিতার কথা কৃতজ্ঞতার
সাথে স্মরণ করেন। তিনি বলেন, এই সকল স্টেক হোল্ডারদের আন্তরিকতা এবং
প্রচেষ্টার ফসল আজকের এই গর্বিত চাকুরীপ্রাপ্তরা। তিনি বলেন, আজ থেকে
আপনারা যারা যশোর কর অঞ্চলের গর্বিত সদস্য হিসেবে চাকুরীতে যোগদান করলেন
তারা সকলেই মনে রাখবেন, সততার কোন বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী
ঘোষিত “সবার আগে বাংলাদেশ” – গড়তে হলে প্রথমেই সকলকে যার যার অবস্থান
থেকে সততার সাথে নিজের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে। তিনি আবারও
যশোর কর অঞ্চলে নিয়োগ প্রাপ্ত সকল নবীন কর্মচারীদের ধন্যবাদ ও স্বাগত
জানান। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন যশোর কর অঞ্চল সদর সার্কেলের উপ কর
কমিশনার দেলোয়ারা জাহান।














