যশোর অফিস : ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) যশোর প্রেসক্লাব অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আলহাজ এইচ এম মহসিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূল পর্যায়ে সৎ ও পরিশুদ্ধ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামের পরও কাঙ্ক্ষিত পরিবর্তন না আসার কারণ হিসেবে পুরোনো ব্যবস্থায় দেশ পরিচালনার প্রবণতাকে দায়ী করেন তিনি। জুলাই অভ্যুত্থানের পর একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি আর হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) প্রভাষক মো. আব্দুল জলিল। তিনি আগামী স্থানীয় নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে যশোর জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটির তালিকা ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত নেতৃবৃন্দ শপথ গ্রহণ করেন এবং পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।














