বাঘারপাড়ায় ফাঁকা বাসায় চোরের হানা, তালা ভেঙে ফ্যান-গ্যাস সিলিন্ডারসহ মালামাল লুট, ফ্রিজের মাংস রান্না করে খেল চোরেরা

0
60

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কয়েক দিন ধরে ফাঁকা থাকা একটি ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ছাদের ওপর দিয়ে বাসায় ঢুকে তালা ভেঙে ঘরের বিভিন্ন মালামাল নিয়ে গেছে। চুরির পর যাওয়ার আগে ফ্রিজে রাখা মাংস রান্না করে খেয়ে যাওয়ার ঘটনাও ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার সখিনা ডায়াগনস্টিক সেন্টারের পেছনের একটি ভাড়া বাড়িতে এ চুরির ঘটনা ধরা পড়ে।
ভুক্তভোগী ভাড়াটিয়া শারমিন আক্তার জানান, তিনি একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। কর্মস্থলে যাতায়াতের সুবিধার্থে ওই বাড়িতে ভাড়া থাকেন। কয়েক দিন আগে তিনি ঝিকরগাছায় নিজ গ্রামের বাড়িতে বেড়াতে যান। শনিবার দুপুরে বাসায় ফিরে তিনি দেখতে পান, ঘরের দরজার তালা ভাঙা এবং ভেতরে থাকা বিভিন্ন মালামাল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।
শারমিন আক্তারের ধারণা, চোরেরা বাড়ির ছাদ দিয়ে বাসায় প্রবেশ করে প্রথমে দরজার তালা ভাঙে। পরে ঘরে ঢুকে চারটি বৈদ্যুতিক ফ্যান, গ্যাস সিলিন্ডার, রাইসকুকারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। তবে চুরির ধরনকে আরও অদ্ভুত করে তুলেছে ফ্রিজে রাখা মাংস রান্না করে খেয়ে যাওয়ার ঘটনা।
এদিকে একই বাড়ির মালিকের একটি মোটরও চুরি হয়েছে বলে জানা গেছে। তবে চুরি যাওয়া মালামালের মোট মূল্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে বাঘারপাড়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে। তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here