বাঘারপাড়ায় ভ্যানে সার সরানোর অভিযোগে দুই ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা জনতার হাতে আটক ৩৮ বস্তা সার জব্দ, পরে কৃষকদের কাছে বিক্রি

0
64

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় ভ্যানে করে এক বাজার থেকে অন্য বাজারে সার সরিয়ে নেওয়ার অভিযোগে দুই সার ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩৮ বস্তা সার জব্দ করা হয়। পরে জব্দ করা সার স্থানীয় কৃষকদের মধ্যে বিক্রি করে দেওয়া হয়েছে।
শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার দশপাখিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভুপালী সরকার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ধলগ্রাম বাজারের সার ব্যবসায়ী সাহেব কুন্ডু ৩৮ বস্তা সার একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে নারিকেলবাড়িয়া বাজারের সার ব্যবসায়ী উজ্জ্বল সাহার ঘরে পাঠানোর জন্য নিয়ে যাচ্ছিলেন। ভ্যানটি দশপাখিয়া গ্রামের ভেতরে পৌঁছালে স্থানীয় লোকজন সেটি আটক করেন। পরে তারা বিষয়টি উপজেলা প্রশাসনকে জানালে ইউএনও ভূপালী সরকার ঘটনাস্থলে গিয়ে সারগুলো জব্দ করেন।
অভিযানে জব্দ করা ৩৮ বস্তা সারের মধ্যে ২৩ বস্তা ডিএপি এবং ১৫ বস্তা টিএসপি সার ছিল বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সার ব্যবসায়ী উজ্জ্বল সাহাকে ১৫ হাজার টাকা এবং সাহেব কুন্ডুকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়।
বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভুপালী সরকার বলেন, জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। সার মজুত, পরিবহন ও বিক্রির ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here