যশোরে প্রতিবাদ সমাবেশে অনিন্দ্য ইসলাম অমিত ‘গুপ্ত আর সুপ্ত এক হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে’

0
56

যশোর অফিস : দেশব্যাপী ‘গুপ্ত ও সুপ্ত’ শক্তি এক হয়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘এই সরকার ভোট ডাকাতি বা ডামি নির্বাচনের সরকার নয়। জনগণের ভোটে নির্বাচিত সরকার। তাদের সব পরিকল্পনা দেশবাসী প্রতিহত করবে।’শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চুড়ামনকাটি, হৈবতপুর ও কাশিমপুর ইউনিয়ন বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, মুখে মুক্তিযুদ্ধের কথা বললেও একটি পক্ষ রাজাকারদের সঙ্গে গোপনে আঁতাত করে সরকারের বিরুদ্ধে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। তবে তাদের কোনো পরিকল্পনাই সফল হবে না।
মাদক প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সরকার কাজ শুরু করেছে। দেশব্যাপী মাদকের বিরুদ্ধে অভিযান চলছে। আগামী দিনে আরও কঠোরভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, এর অন্যতম কারণ সীমান্ত দিয়ে তেল পাচার রোধ করা। পার্শ্ববর্তী দেশগুলোর তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি তৈরি হয়েছিল। বিকল্প কার্যকর ব্যবস্থা না থাকায় সরকার দাম সমন্বয় করেছে।
তিনি আরও বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জ্বালানি তেলের দামের বড় পার্থক্য থাকলে পাচার বন্ধ করা কঠিন হয়ে পড়ে। মধ্যপ্রাচ্যের সংকট কেটে গেলে এবং আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও আবার মূল্য সমন্বয় করা হবে। পরিস্থিতি অনুকূলে থাকলে জ্বালানি তেলের দাম কমানো হতে পারে বলেও তিনি জানান।
চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আবু সাইদের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সদস্য কাজী আযম, সদর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক আব্দার হোসেন ও সাধারণ সম্পাদক আনজারুল হক খোকনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
সমাবেশ সঞ্চালনা করেন চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাস্টার মিজানুর রহমান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here