যশোর অফিস : যশোরের মনিরামপুর উপজেলার চিনাটোলায় পাঁচ শহীদ বিপ্লবী কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলুর ৫৫তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) তাঁদের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ, শোকনিরবতা পালন ও শপথ পাঠের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, তরুণ কমরেড, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় মানুষ।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) ও জাতীয় ছাত্রদলের যশোর জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ ছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির যশোর জেলা কমিটি, যশোরের লাল মশাল, শহীদ স্মৃতিরক্ষা কমিটি, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা, মনিরামপুর ও কেশবপুর কমিটি এবং আসাদ স্মৃতি সংঘের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় গড়ভাঙ্গা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-ছাত্রী, স্থানীয় তরুণ কমরেড, আদিবাসী জনগোষ্ঠীর সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭১ সালের ২৩ অক্টোবর মনিরামপুরের চিনাটোলা বাজারসংলগ্ন এলাকা থেকে পাকিস্তানি শাসকদের সহযোগী রাজাকার বাহিনী কমরেড আসাদ, শান্তি, মানিক, তোজো ও ফজলুকে গ্রেপ্তার করে। পরে তাঁদের হরি নদীর সেতুর ওপর গুলি করে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়।
শহীদ পাঁচ বিপ্লবী ছাত্র আন্দোলন, কৃষক সংগঠন ও বিপ্লবী কমিউনিস্ট রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং জীবন ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন শ্রদ্ধা নিবেদনকারীরা।














