কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার অপর দুই ব্যক্তি হলেন আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় পর্যায়ের দুই নেতা। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁদের যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ অক্টোবর কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বড়বামনদহ গ্রামের নিজ বাড়ি থেকে বৃষ্টি খাতুনকে গ্রেপ্তার করে। তিনি কোট সিআর-৩১৭/২৬ নম্বর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলার তদন্তে প্রাপ্ত আসামি গোলাম মোহায়মেন ওরফে পান্নু (৫৫) এবং মো. মিন্টু সরদারকে (৪৭) গ্রেপ্তার করা হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোলাম মোহায়মেন ওরফে পান্নু উপজেলার রাঙ্গিয়ারপোতা গ্রামের মৃত বদিউল আলমের ছেলে। তিনি এলাঙ্গী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে পরিচিত। অপরদিকে, মো. মিন্টু সরদার উপজেলার পারলাট গ্রামের মৃত শুকুর আলীর ছেলে। তিনি বলুহর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, তাঁদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানার ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ১৬ নম্বর মামলা, জিআর ১১৮/২৬-এর তদন্তে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় করা হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ঝিনাইদহের পুলিশ সুপারের নির্দেশনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরের লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।














