বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে লাইনেই ঝরে পড়ল বৃদ্ধ রজবের প্রাণ

0
7

রাহাত আলী, ​মনিরামপুর : যশোরের মনিরামপুরে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখা থেকে বয়স্ক ভাতার টাকা তুলতে গিয়ে রজব হালদার (৭৬) নামের এক বৃদ্ধ মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। সোমবার (৯ নভেম্বর) সকালে উপজেলার কোনাকোলা বাজারে ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
​মৃত রজব হালদার উপজেলার দুর্বাডাঙ্গা ইউনিয়নের খাল বাটবিলা গ্রামের মৃত সাবির হালদারের ছেলে। তিনি অত্যন্ত অস্বচ্ছল পরিবারের মানুষ ছিলেন। ভিটাবাড়ি ছাড়া জমিজমা বলতে কিছুই ছিল না তাঁর। দীর্ঘদিন অভয়নগরের একটি জুট মিলে শ্রমিকের কাজ করলেও বয়সের ভারে তা বন্ধ হয়ে যায়। শেষ বয়সে বয়স্ক ভাতার ওপর নির্ভর করেই চলত তাঁর কোনোরকমে দিনাতিপাত।
​প্রত্যক্ষদর্শী মাসুদ রায়হান জানান, সকালে বয়স্ক ভাতার টাকা উত্তোলনের জন্য কোনাকোলা বাজারে ব্যাংক এশিয়ায় আসেন রজব হালদার। লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের অপেক্ষা করার একপর্যায়ে হঠাৎ অসুস্থ বোধ করায় তিনি ভ্যানের ওপর গিয়ে শুয়ে পড়েন। পরে স্থানীয় পল্লীচিকিৎসক মো. তাজাম্মুল ইসলাম এসে তাঁকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। ভাতার টাকা তুলতে এসে লাইনে দাঁড়িয়ে এভাবে এক বৃদ্ধের মৃত্যুর ঘটনায় পুরো বাজারজুড়ে শোকের ছায়া নেমে আসে।
​এ বিষয়ে দুর্বাডাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নরিম মালি বলেন, “রজব হালদার অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন। বয়স্ক ভাতার সামান্য টাকাটাই ছিল তাঁর বেঁচে থাকার বড় অবলম্বন। ভাতার টাকার জন্য এভাবে লাইনে দাঁড়িয়ে তাঁকে দুনিয়া থেকেই বিদায় নিতে হলো—এটি খুবই মর্মান্তিক ও হৃদয়বিদারক।
​প্রত্যক্ষদর্শী মাসুদ রায়হান বলেন, চোখের সামনে মানুষটা লাইনে দাঁড়িয়েছিলেন একটু ভাতার টাকার আশায়। কে জানত, এই অপেক্ষাই তাঁর জীবনের শেষ অপেক্ষা হবে? তাঁর এই আকস্মিক মৃত্যু আমরা কিছুতেই মেনে নিতে পারছি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here