স্টাফ রিপোর্টার, কালীগঞ্জ (ঝিনাইদহ) : ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে গত রোববার (৮ নভেম্বর) একটি র্যালী অনুষ্ঠিত হয়। উক্ত র্যালীতে ইউনিফর্ম পরিহিত অবস্থায় কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীকে সামনের সারিতে ব্যানার ধরে অংশগ্রহণ করেন। এ ঘটনায় সোমবার (৯ নভেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালীগঞ্জ উপজেলা শাখা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি প্রদান করে। একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত, প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ওসিকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটি।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনটির কালীগঞ্জ উপজেলা শাখার আমীর আব্দুল হক ও সেক্রেটারি লুৎফর রহমান।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত র্যালিতে দলীয় ব্যানার হাতে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে থানার ওসি জুলফিকার আলীকে অংশ নিতে দেখা গেছে। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার রাজনৈতিক দলের কর্মসূচিতে এ ধরনের দৃশ্যমান উপস্থিতি আমাদের গভীরভাবে উদ্বিগ্ন ও হতাশ করেছে।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রজাতন্ত্রের একজন দায়িত্বশীল কর্মচারী হিসেবে পুলিশ কর্মকর্তাদের দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের প্রতি সমান আচরণ এবং রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা সাংবিধানিক ও পেশাগত দায়িত্ব। কোনো রাজনৈতিক দলের ব্যানার বহন করে কিংবা দলীয় কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়ে একজন পুলিশ কর্মকর্তা তাঁর নিরপেক্ষতার অবস্থান প্রশ্নবিদ্ধ করতে পারেন না।
এ ধরনের ঘটনা প্রশাসনের নিরপেক্ষতা ও জনআস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রের প্রশাসনিক কাঠামোকে দলীয় প্রভাবমুক্ত রেখে আইনের শাসন ও পেশাদারত্ব নিশ্চিত করা জরুরি।
ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ওসি জুলফিকার আলীকে কালীগঞ্জ থানা থেকে প্রত্যাহারের দাবি জানানো হয় বিবৃতিতে।
এ বিষয়ে কথা বলতে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলীর সরাসরি মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।














