স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদসহ দুইজনকে আটক করেছে এসআরবি-৬। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোরের বাঘারপাড়া উপজেলার যশোর-নড়াইল সয়ড়কের ধলগা রাস্তা মোড়ের বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন যশোর এসআরবি-৬-এর স্কোয়াড লিডার ও কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন।
আটক ব্যক্তিরা হলেন, ফরিদপুর জেলার মধুখালী থানার আড়পাড়া গ্রামের আব্দুল সাত্তার মল্লিকের ছেলে মোক্তার হোসেন এবং পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার সেকেন্দার আলীর ছেলে রাজ্জাক। অভিযান সূত্রে জানা যায়, ঢাকা থেকে যশোরগামী একটি প্রাইভেটকারে বিদেশি মদের চালান আসছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে এসআরবি-৬-এর যশোরের সদস্যরা ধলগা বাজার এলাকায় অবস্থান নেন। পরে সন্দেহভাজন প্রাইভেটকারটি থামিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হলে গাড়ি থেকে ৯৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে অভিযান সূত্রে জানা গেছে।














