তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে বর ও কনের পিতার কারাদণ্ড

0
22

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালায় বাল্যবিয়ে আয়োজনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে বরের পিতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিকালে দিকে তালা সদর ইউনিয়নের মহল্লাপাড়া এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা।
দণ্ডপ্রাপ্তরা হলেন, বরের পিতা উপজেলার নগরঘাটা এলাকার মো. নুরুল ইসলাম (৪৫) এবং কনের পিতা তালা সদরের মহল্লাপাড়া এলাকার শেখ সুমন (৩৬)।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মহল্লাপাড়া এলাকায় একটি বাল্যবিয়ের আয়োজন করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় ঘটনাস্থল থেকে বর ও তাঁর স্বজনেরা পালিয়ে যান। পরে বাল্যবিয়ের আয়োজনের বিষয়টি প্রমাণিত হওয়ায় বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বর ও কনের পিতাকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি বরের পিতাকে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা জানান, সমাজে বাল্যবিয়ে প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here