বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছ কাটার ঘটনায় ১৮ দিনেও তদন্ত প্রতিবেদন নেই বন বিভাগের তালিকায় ৭০টি কাঠের লগ, ৩১টি ববিন ও ১৫০ মণ জ্বালানি কাঠ

0
9
oplus_1024

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজে গাছের ডাল ছাঁটাইয়ের নামে ১৬টি মেহগনি গাছের বড় ও মোটা ডাল কেটে ফেলার ঘটনায় ১৮ দিন পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা পড়েনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দপ্তরে। এদিকে বন বিভাগের জব্দ তালিকায় ৭০ পিস কাঠের লগ, ৩১ পিস ববিন ও ১৫০ মণ জ্বালানি কাঠের হিসাব উঠে এসেছে। বিপুল পরিমাণ কাঠ জব্দের তথ্য থাকলেও তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় এ নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
গত ৩১ অক্টোবর সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত স্থানীয় চারজন শ্রমিক কলেজ ক্যাম্পাসের ১৬টি মেহগনি গাছের বড় বড় ও মোটা ডাল কেটে ফেলেন। অভিযোগ রয়েছে, গাছের প্রয়োজনীয় ডাল ছাঁটাইয়ের পরিবর্তে মূল্যবান ও মোটা ডাল কেটে কাঠের লগ তৈরি করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনার পর বিষয়টি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার। কমিটিতে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একজন বন কর্মকর্তা এবং পৌরসভার দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা। দ্রুত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়। তবে ১৮ দিন পার হলেও প্রতিবেদন জমা না পড়ায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে বাঘারপাড়া উপজেলা বন বিভাগের জব্দ তালিকায় ৭০ পিস কাঠের লগ, ৩১ পিস ববিন এবং ১৫০ মণ জ্বালানি কাঠের তথ্য নথিভুক্ত হয়েছে। এত বিপুল পরিমাণ কাঠের হিসাব উঠে এলেও গাছ কাটার ঘটনায় তদন্তের ফলাফল এখনো প্রকাশ না হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা চলছে।
সরেজমিনে দেখা গেছে, কলেজের মূল ভবনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে প্রায় ২৫টি বড় মেহগনি গাছ। দীর্ঘদিন ধরে গাছগুলো ক্যাম্পাসের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের ছায়া দিয়ে আসছিল। কিন্তু ডাল ছাঁটাইয়ের নামে মোটা ডাল কেটে ফেলায় গাছগুলোর স্বাভাবিক গঠন ও সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধন করে প্রতিবাদ জানান। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় ডাল ছাঁটাইয়ের আড়ালে পরিকল্পিতভাবে গাছের মূল্যবান মোটা ডাল কেটে কাঠের লগ তৈরি করা হয়েছে।
এর আগে বাঘারপাড়া সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও গাছের ডাল ছাঁটাইয়ের নামে বড় বড় ডাল কেটে বিক্রি করার অভিযোগ উঠেছিল। ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের গাছ কাটার এসব ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
তদন্ত কমিটির সদস্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশিকুজ্জামান বলেন, বন বিভাগের ফরেস্টার কাঠের জব্দ তালিকা তৈরি করেছেন। দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কাজ চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভূপালী সরকার বলেন, তদন্ত প্রতিবেদন এখনো তাঁর হাতে পৌঁছায়নি। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here