আব্দুল জাব্বার,শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাঁচেরকোল ও দুধসর ইউনিয়নে কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত দুটি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্র প্রয়োজনীয় জনবল সংকটে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দিতে পারছে না। তিনতলা ভবন, শয্যা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, জেনারেটর ও চিকিৎসক-কর্মচারীদের আবাসনসহ নানা সুযোগ-সুবিধা থাকলেও চিকিৎসক ও প্রয়োজনীয় কর্মী না থাকায় প্রতিষ্ঠান দুটির কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। ফলে স্থানীয় গর্ভবতী নারী, প্রসূতি মা ও শিশুরা প্রত্যাশিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় মাতৃ ও শিশুসেবা পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতায় কেন্দ্র দুটি নির্মাণ করা হয়। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পরও প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় পূর্ণাঙ্গ সেবা চালু করা সম্ভব হয়নি। প্রতিটি কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা। অর্থাৎ দুটি কেন্দ্র নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০ কোটি ৫০ লাখ টাকা।
কেন্দ্র দুটিতে গর্ভবতী মায়েদের গর্ভকালীন পরীক্ষা, স্বাভাবিক প্রসব, প্রসব-পরবর্তী চিকিৎসা, নবজাতকের পরিচর্যা, শিশুস্বাস্থ্যসেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জরুরি প্রসূতিসেবা ও উচ্চতর হাসপাতালে রেফারের ব্যবস্থাও থাকার কথা। কিন্তু প্রয়োজনীয় চিকিৎসক ও প্রশিক্ষিত জনবল না থাকায় এসব সেবা কাঙ্ক্ষিত পর্যায়ে দেওয়া যাচ্ছে না।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতাল নির্মাণের সময় এলাকার মানুষের মধ্যে ব্যাপক আশার সৃষ্টি হয়েছিল। বিশেষ করে দরিদ্র পরিবারের গর্ভবতী নারীদের চিকিৎসার জন্য দূরে যেতে হবে না-এমন প্রত্যাশা ছিল। কিন্তু বাস্তবে সেই প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। জরুরি প্রসবকালীন পরিস্থিতিতে রোগীদের উপজেলা বা জেলা পর্যায়ের হাসপাতালে নিতে হচ্ছে। এতে সময় ও অর্থ দুটিই ব্যয় হচ্ছে, বাড়ছে ঝুঁকি।
ঝিনাইদহ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোজাম্মেল করিমের বক্তব্য অনুযায়ী, চিকিৎসক সংকটের কারণে কেন্দ্রগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা সম্ভব হচ্ছে না। প্রতিটি কেন্দ্রে দুজন করে চিকিৎসক নিয়োগের সুপারিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এ অবস্থায় জনস্বার্থে দ্রুত চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামো ও যন্ত্রপাতির যথাযথ ব্যবহার নিশ্চিত করে কেন্দ্র দুটি পূর্ণাঙ্গভাবে চালুর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।














