শার্শা প্রতিনিধি : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে পরিকল্পিত সন্ত্রাস-ষড়যন্ত্রের বিরুদ্ধে শার্শার বাগআঁচড়ায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিক্ষোভ মিছিল শেষে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের গেটের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু, এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কুদ্দুস আলী বিশ্বাস।
সমাবেশে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, প্রচার সম্পাদক নাজমুল হুদা, সহ-সভাপতি মোনায়েম হোসেন ও শাহাজান কবির, যুবদল নেতা আলী বাবর বাবু, বাবলু, মতিয়ার রহমান, সবুজ, স্বেচ্ছাসেবক দল নেতা সোহাগসহ বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থানে পরাজিত ফ্যাসিষ্ট শক্তি পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। পরাজিত শক্তির সকল নৈরাজ্যও সন্ত্রাসের বিরুদ্ধে বিএনপিসহ সর্বস্তরের নেতা-কর্মী ও সাধারণ জনগণ সতর্ক রয়েছে। কোনো ধরণের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না।
বক্তারা আরও বলেন, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা রাজপথে আছেন এবং যে কোনো ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলবেন।
সমাবেশের আগে বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।













