অভয়নগরে সিঁধ কেটে ঘরে ঢুকে গরু বিক্রির টাকা ও স্বর্ণালংকার চুরি

0
6

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বসতঘরের মাটির দেয়ালে সিঁধ কেটে নগদ টাকা, স্বর্ণালংকার ও জমির প্রয়োজনীয় কাগজপত্র চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ধোপাদী গ্রামের দক্ষিণপাড়ায় নাজমুল মোল্যার বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। চোরেরা মায়ের চিকিৎসার জন্য গরু বিক্রি করে রাখা ২০ হাজার টাকাও নিয়ে গেছে। এ ঘটনায় অসহায় হয়ে পড়েছে পরিবারটি।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, ধোপাদী বাজারে নাজমুল মোল্যার একটি চায়ের দোকান রয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়িতে ফেরেন। রাতের খাবার শেষে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। এ সুযোগে গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের মাটির দেয়ালে সিঁধ কেটে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ও আসবাবপত্র তছনছ করে নগদ ২০ হাজার টাকা, কয়েক ভরি স্বর্ণালংকার এবং জমির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পালিয়ে যায়। বুধবার সকালে ঘুম থেকে উঠে ঘরের জিনিসপত্র এলোমেলো এবং দেয়ালে সিঁধ কাটা দেখতে পান পরিবারের সদস্যরা। পরে খোঁজাখুঁজি করে চুরির বিষয়টি নিশ্চিত হন তাঁরা। নাজমুল মোল্যা জানান, তাঁর বৃদ্ধ মায়ের চিকিৎসার জন্য একটি গরু বিক্রি করে ২০ হাজার টাকা ঘরে রাখা হয়েছিল। চোরেরা ওই টাকা ছাড়াও কয়েক ভরি স্বর্ণালংকার ও জমির গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। এতে পরিবারটি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে।
নাজমুল মোল্যার বৃদ্ধ মা কহিনুর বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার চিকিৎসার জন্য রাখা সব টাকা ওরা নিয়ে গেছে। এখন আমার চিকিৎসা কীভাবে হবে? আমার ছেলের সব শেষ হয়ে গেল।’ খবর পেয়ে বুধবার সকালে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, বসতঘরে সিঁধ কেটে চুরির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here