আশাশুনিতে চাঁদার টাকা না পেয়ে হামলা ও ভাঙচুর শিক্ষক আহত

0
175

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার আশাশুনি উপজেলায় চাঁদার টাকা না পেয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় লিখিত এজাহার দাখিল করেছেন ভুক্তভোগী। এজাহার সূত্রে জানা যায়, উপজেলার বড় দুর্গাপুর গ্রামের মৃত ছিয়ামুদ্দিন গাজীর ছেলে জিএম শাহিনুর ইসলাম আশাশুনি থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি হাড়ীভাঙ্গা মৎস্য সেটের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযোগে বলা হয়, চাম্পাফুল গ্রামের অমল কৃষ্ণ দফাদার প্রায় ১৮ বছর ধরে স্থানীয় আজিজুলের “আমেনা ফিশ” নামের মৎস্য ঘেরে মাছ বিক্রি করে আসছিলেন। এসময় কোদন্ডা গ্রামের আঃ আজিজের ছেলে সাদ্দাম হোসেনসহ কয়েকজন তাকে ভয়ভীতি দেখিয়ে নিয়মিত চাঁদা দাবি করত। প্রাণভয়ে অমল মাঝে মধ্যে চাঁদার টাকা দিয়ে শান্তি বজায় রাখতেন। সম্প্রতি অমল কৃষ্ণ দফাদার বাদীর পরিচালিত মৎস্য ঘেরে মাছ বিক্রি শুরু করলে সাদ্দাম ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। এর জের ধরে গত ১৫ অক্টোবর রাত দেড়টার দিকে সাদ্দামসহ ৪-৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি কুড়াল, ছুরি ও দা নিয়ে অমলের ঘেরে প্রবেশ করে। তারা অমলের গলায় ছুরি ধরে খুনজখমের ভয় দেখিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। প্রাণভয়ে টাকা দেওয়ার আশ্বাস দিলে তারা সেখান থেকে সরে যায়। পরে অমল বিষয়টি মৎস্য সেটের সভাপতি আকবর আলী খোকনকে জানান। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে সাদ্দাম ও তার সহযোগীরা বাদী ও অমলকে হত্যার হুমকি দিতে থাকে। এরপর ১৮ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে, বাদী শাহিনুর ইসলাম মোটরসাইকেলে করে অমল কৃষ্ণ দফাদার ও স্থানীয় প্রধান শিক্ষক আবুল কালামকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কোদন্ডা আমতলা নামক স্থানে পৌঁছালে সাদ্দামসহ অন্যরা তাদের গতিরোধ করে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এবং পুনরায় ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে। মৌখিক প্রতিবাদ করলে সাদ্দাম ছুরি বের করে বলে, “চাঁদার কথা সেটের সভাপতিকে বলেছিস কেন?” — এই বলে তারা লোহার রড দিয়ে হামলার চেষ্টা চালায়। এতে বাদীর চাচাতো ভাই আবুল কালাম গুরুতর আহত হন। তার ডান চোয়াল ও হাতে আঘাত লাগে। হামলাকারীরা মোটরসাইকেল ভাঙচুর করে এবং উপস্থিত লোকজন এগিয়ে এলে খুনজখমের হুমকি দিয়ে পালিয়ে যায়।
আহত আবুল কালামকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে আশাশুনি থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here