মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ক্রয়

0
220

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি: কেশবপুরে বিদ্যালয়ের মৌচাকের মধু বিক্রি হয়েছে ১৮ হাজার টাকা। ওই টাকায় ক্রীড়া
কক্ষ উন্নয়নসহ শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ক্রয় করা হয়েছে। খেলোয়াড়দের মান
উন্নয়নে ওই টাকা ব্যয় করায় স্কুল কর্তৃপক্ষ এখন অভিভাবকসহ এলাকাবাসীর নিকট হয়ে
উঠেছেন প্রশংসিত। উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গত চার বছর ধরে
মৌমাছি ভবনের বারান্দাসহ সামনে ৮টি বাসা বেঁধে আছে। এ সময়ে এক দিনও
শিক্ষক ও শিক্ষার্থীদের কামড় (হুল) বসায়নি মৌমাছি।
বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী সাইকেলিং-এ দেশ সেরা খেলোয়াড় প্রিয়া খাতুন
বলেন, স্কুলের বারান্দায় মৌমাছি চাকের পাশ দিয়ে যাতায়াত করা হলেও কোন দিন কামড়
(হুল) বসায়নি। স্কুলের স্যারেরা মধু বিক্রি করে খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী কিনে
দেওয়ায় তাদের খেলাধুলার প্রতি আরো উৎসাহ উদ্দীপনা বেড়েছে। চাক থেকে মধু ভাঙ্গার
সময় তাদের (শিক্ষার্থীদের) খেতে দেওয়া হয়। টাটকা মধু খুবই মিস্টি। মধু শরীরের রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে বলে শিক্ষার্থীসহ এলাকাবাসীর নিকট
মৌমাছির মধুর চাহিদা বেড়েছে।
ওই স্কুলের অভিভাবক রাজনগর বাঁকাবর্শী গ্রামের বাসিন্দা শাহাজাহান আলী বলেন,
স্কুলের হেড স্যার মধু বিক্রির টাকায় খেলোয়াড়দের মান উন্নয়নে ক্রীড়া সামগ্রী কিনে
দেওয়ায় স্কুল কর্তৃপক্ষ অভিভাবক ও এলাকাবাসীর নিকট প্রশংসায় ভাসছেন।
ক্রীড়া শিক্ষক শহিদুল ইসলাম বলেন, মধু বিক্রির টাকা খেলোয়াড়দের পিছনে খরচ করায়
শিক্ষার্থীদের খেলার প্রতি আরও আগ্রহ বেড়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু বলেন, গত চার বছর ধরে মৌমাছি স্কুলের
ভবনে চাক (বাসা) বেঁধে আছে। এবারই প্রথম ৮টি চাকের মধু বিক্রি করা হয়েছে ১৮
হাজার টাকায়। ওই টাকা দিয়ে স্কুলের ক্রীড়া কক্ষ উন্নয়নসহ খেলোয়াড়দের ক্রীড়া সামগ্রী
ক্রয় করা হয়েছে। মধু বিক্রির টাকা স্কুলের কাজে ব্যয় করা এটাই এ এলাকাই প্রথম বলেও
তিনি দাবি করেন।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রেহেনেওয়াজ বলেন,
মৌমাছির মধুতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন ও খনিজ সমৃদ্ধ, যা শরীরের রোগ
প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here