অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে ভারি বৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কেটে রাখা ধান মাঠেই পানিতে তলিয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন কৃষকরা। এতে উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন তারা। রোববার সকালে উপজেলার বেদের কুড়ে এলাকায় সরেজমিনে দেখা যায়, মাঠে পড়ে থাকা ধান রক্ষায় প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন কৃষকরা। পরিবারের পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে কাজ করছেন। ভেজা ধান কাদা-পানি থেকে তুলে দ্রুত উঁচু স্থান বা নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন তারা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে অভয়নগর উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১২ হাজার ৭৫০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ৫ হাজার ৭৩০ হেক্টর জমির ধান কাটা সম্পন্ন হয়েছে এবং বাকি জমির ধান কাটার কাজ চলমান রয়েছে।
গত শনিবার দুপুরের ভারি বৃষ্টিতে উপজেলার কোটা, বাগদাহ ও চলিশিয়াসহ অধিকাংশ এলাকার মাঠে কেটে রাখা ধান পানিতে নিমজ্জিত হয়। এর আগে কয়েক দফা বৃষ্টিতে ভেজা ধান শুকানোর সুযোগ না পাওয়ায় ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা করছেন কৃষকরা।
এ ব্যাপারে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন বলেন, “টানা বৃষ্টিপাত ও সাম্প্রতিক ভারি বৃষ্টিতে ধান চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠে কেটে রাখা অনেক ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। পরিস্থিতি আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছি। চলতি বছরে অভয়নগরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামী ৮ থেকে ১০ দিনের মধ্যে অবশিষ্ট ধান কাটা সম্পন্ন করা সম্ভব হবে।”














