পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভরা মৌসুমে চিংড়ি ঘেরের মাছ লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নং ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ২৭ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার লস্করের করুলিয়া মৌজায় সাবেক প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিনের দখলীয় চিংড়ি ঘেরে এ ঘটনাটি ঘটেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কড়ুলিয়া মৌজায় লস্কর গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা এটিএম শাহারাবুল ইসলামের স্ত্রী ফরিদা ইয়াসমিন নিজস্ব ১৭ বিঘা জমিতে দীর্ঘদিন ধরে মাছ চাষ করে ভোগদখল করে আসছেন।
এদিকে জমির দখল নিয়ে ভিলেজ পাইকগাছার টিপু
সানা গংদের সঙ্গে বিরোধ সৃষ্টি হলে এক পর্যায়ে ফরিদা ইয়াসমিন বাদী হয়ে প্রতিপক্ষ অজয় সানা গংদের বিরুদ্ধে পাইকগাছার সিভিল জজ আদালতে দেওঃ ৬৭/২৬ নিষেধাজ্ঞার মামলা করেন। জানাগেছে, উকিল কমিশন রিপোর্টসহ আদালতে দোতরফা শুনানিন্তে আদালতের বিজ্ঞ বিচারক ১ হতে ৪ নং বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা মঞ্জুর করেন।
কিন্তু ঘের মালিক ফরিদা ইয়াসমিন অভিযোগ করেন আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টিপু,কুদ্দুস সানাসহ একের পর এক আমার ঘেরে গিয়ে উৎপাত এমনকি অবৈধ ভাবে দখল চেষ্টা করছেন। তিনি আরো অভিযোগ করেন মঙ্গলবার সকালে আমার লোকজন ঘেরে শেওলা তুলতে গেলে টিপুর নেতৃত্বে ১২/১৫ ব্যক্তি ঘেরে পৌছে কর্মচারিদের ভয় দেখিয়ে ধরে রাখা প্রায ১২ কেজির মত বাগদা চিংড়ি জোর করে ছিনিয়ে নেয়। মুহুর্তে ৯৯৯ নং ফোন দিলে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে থানায় ডেকে পাঠান।
তবে এ ধরনের অভিযোগ সঠিক নয় বলে দাবি করেছেন টিপু সানা গংরা।
তদন্তকারি পুলিশ কর্মকর্তা এসআই পিংকু ঘটনাস্থল থেকে জানান, পুরো ঘটনাটি ওসি স্যারকে অবহিত করেছি।
এ বিষয়ে থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির বলেন, আদালতের নির্দেশনা উপেক্ষা করে কোন পক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।














