ফকিরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলা মোড়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে “দিবা কফি হাউজ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট”। স্থানীয় ও পথচারী মানুষের জন্য মানসম্মত খাবার ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটি চালু হয়েছে।
রেস্টুরেন্টটির স্বত্বাধিকারী বাগেরহাট জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শেখ খায়রুল বাসার। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তাঁর বক্তব্যে রাজনীতি ও পেশা নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
তিনি বলেন, “রাজনীতি কোনো পেশা হতে পারে না। রাজনীতি মানুষের সেবা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য।” তাঁর মতে, রাজনীতিকে জীবিকার মাধ্যম বানালে সেবার মহৎ উদ্দেশ্য ক্ষুণ্ণ হয়। তাই সকল রাজনীতিবিদের জীবিকা নির্বাহের জন্য নিজস্ব একটি বৈধ পেশা থাকা প্রয়োজন, যাতে তাঁরা নিঃস্বার্থভাবে জনগণের পাশে দাঁড়াতে পারেন।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা গণঅধিকার পরিষদের ছাত্রবিষয়ক সম্পাদক পান্নু মোড়ল। এছাড়াও সাংবাদিক মেহেদী হাসান (নয়ন), সাংবাদিক শেখ মাসুম বিল্লাহ, স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁরা নতুন এ উদ্যোগের জন্য প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে শুভেচ্ছা জানান এবং ব্যবসায়িক সাফল্য কামনা করেন।
স্থানীয়দের আশা, ফকিরহাট উপজেলা মোড়ের মতো ব্যস্ত স্থানে এই রেস্টুরেন্ট চালু হওয়ায় একদিকে যেমন খাবার ও বিশ্রামের একটি নির্ভরযোগ্য ঠিকানা তৈরি হলো, অন্যদিকে স্থানীয় কর্মসংস্থানেও ইতিবাচক প্রভাব পড়বে।
উদ্বোধন শেষে প্রতিষ্ঠানের সার্বিক সাফল্যের জন্য দোয়া করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের মিষ্টিমুখ করানো হয়।














