বাঘারপাড়ায় প্রাথমিকের শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ, তদন্তে আসছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা

0
6

স্টাফ রিপোর্টার, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের আন্তঃউপজেলা বদলিতে নীতিমালা লঙ্ঘন, শূন্য পদ না থাকা সত্ত্বেও বদলি এবং আর্থিক লেনদেনের অভিযোগের তদন্তে আসছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জি এম আলমগীর কবির।
বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে তদন্ত কার্যক্রম পরিচালনা করবেন।
গত ৫ অক্টোবর ‘বাঘারপাড়ায় প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়ম’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। গত ৯ নভেম্বর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিতে প্রকাশিত সংবাদের অভিযোগগুলোর সত্যতা যাচাই করে তদন্তের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট সব নথি ও রেকর্ডপত্র নিয়ে তদন্তকাজে সহযোগিতার জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে বলা হয়েছে।
অভিযোগ রয়েছে, শূন্য পদ না থাকা সত্ত্বেও বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক বদলি, জ্যেষ্ঠতা উপেক্ষা, প্রতিস্থাপক দেখিয়ে বদলি এবং আবেদনের সময়সীমা শেষ হওয়ার পর তালিকায় পরিবর্তন করে নতুন নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বদলির জন্য ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ২৭ জন শিক্ষক আবেদন করেন। যাচাই-বাছাই শেষে উপজেলা কমিটি ১৩টি আবেদন গ্রহণ ও ১৪টি বাতিল করে। কিন্তু পরবর্তী সময়ে ১৮ জন শিক্ষককে বদলির আদেশ দেওয়া হয়। এর মধ্যে ১১ জনের বদলিতে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এ ছাড়া পঁাচজন বা তার কম শিক্ষক কর্মরত বিদ্যালয় থেকে বদলি না করার নির্দেশনা উপেক্ষা এবং কয়েকজন শিক্ষকের কাছ থেকে বদলি করিয়ে দেওয়ার কথা বলে ৪০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত নেওয়ার অভিযোগও করেছেন শিক্ষকরা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জি এম আলমগীর কবির সাংবাদিকদের জানান, শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ গুরুত্বের সাথে তদন্ত করা হবে। তদন্তে কোন ধরনের অনিয়ম, নীতিমালা উপেক্ষিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here