যশোরে সানরা ইলেকট্রিক বাইকের জমকালো উদ্বোধন

0
4

যশোর প্রতিবেদক : যশোরে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চীনের আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল ব্র্যান্ড সানরা (SUNRA)-এর ছয়টি মডেলের ইলেকট্রিক বাইকের গ্র্যান্ড লঞ্চিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় যশোরের রূপদিয়ায় রিপন অটোস প্রাইভেট লিমিটেডের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বাইকপ্রেমী, ব্যবসায়ী, সাংবাদিক ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অসংখ্য ইউটিউবার অংশ নেন। অনুষ্ঠানে সানরা ব্র্যান্ডের এম-টু, এম-থ্রি, এম-সিক্স, এম-সেভেন, ইভা ও শার্ক—এই ছয়টি মডেলের ইলেকট্রিক বাইক আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। প্রতিটি মডেলের একাধিক রং ও ভ্যারিয়েন্ট প্রদর্শন করা হয়। আকর্ষণীয় ডিজাইন, আধুনিক প্রযুক্তি ও পরিবেশবান্ধব যাতায়াতব্যবস্থার সম্ভাবনা নিয়ে বাইকগুলো উপস্থিত দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিপন অটোসের চেয়ারম্যান এজাজ উদ্দিন টিপু, ব্যবস্থাপনা পরিচালক রিপন, যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন এবং দৈনিক কল্যাণের সম্পাদক একরামুদৌল্লাসহ বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে বক্তব্য দেন মিজানুর রহমান খান, জাহিদ আহসান টুকুন, একরামুল দৌল্লা, দেলোয়ার হোসেন খোকন ও রিপন অটোসের ব্যবস্থাপনা পরিচালক রিপন। বক্তারা বলেন, জ্বালানির ক্রমবর্ধমান ব্যয় ও পরিবেশদূষণের বিষয়টি বিবেচনায় রেখে আধুনিক প্রযুক্তিনির্ভর ইলেকট্রিক যানবাহনের প্রসার সময়ের দাবি। সাশ্রয়ী পরিচালন ব্যয় ও পরিবেশবান্ধব বৈশিষ্ট্যের কারণে ভবিষ্যতে ইলেকট্রিক বাইক দেশের পরিবহন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সংশ্লিষ্টরা জানান, সানরা চীনের একটি আন্তর্জাতিক ইলেকট্রিক ভেহিকল প্রস্তুতকারক প্রতিষ্ঠান। ১৯৯৯ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি ইলেকট্রিক বাইক, স্কুটারসহ বিভিন্ন ধরনের বিদ্যুৎচালিত যানবাহন তৈরি করে। প্রতিষ্ঠানটির পণ্য বিশ্বের ১০০টিরও বেশি দেশ ও অঞ্চলে বাজারজাত হচ্ছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন এবং বৈচিত্র্যময় মডেলের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থান তৈরি করেছে সানরা। বাংলাদেশে সানরা ব্র্যান্ডের একমাত্র আমদানিকারক ও পরিবেশক হিসেবে রিপন অটোস প্রাইভেট লিমিটেড কাজ করছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে দেশের ৩০টি জেলায় ডিলার নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের গ্রাহকদের কাছে সানরার ইলেকট্রিক বাইক পৌঁছে দেওয়ার পাশাপাশি বিক্রয়োত্তর সেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইলেকট্রিক বাইকের অন্যতম প্রধান সুবিধা হলো জ্বালানি সাশ্রয়। পেট্রোল বা অকটেনের পরিবর্তে বিদ্যুতে চলায় এতে প্রচলিত জ্বালানি কেনার প্রয়োজন হয় না। পাশাপাশি ইঞ্জিন অয়েল পরিবর্তনের মতো কিছু নিয়মিত রক্ষণাবেক্ষণের প্রয়োজন না থাকায় প্রচলিত মোটরসাইকেলের তুলনায় মেইনটেন্যান্স খরচও কম হতে পারে। চার্জিং খরচ ও ব্যবহারভেদে দীর্ঘমেয়াদে পরিচালন ব্যয় সাশ্রয়ী হওয়ার সুযোগ রয়েছে। এ ছাড়া চলাচলের সময় সরাসরি ধোঁয়া নির্গমন না করায় বায়ুদূষণ কমাতেও ভূমিকা রাখতে পারে এসব যানবাহন। অনুষ্ঠানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আগত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটররা অংশ নেন। মঞ্চে একে একে ছয়টি মডেলের বাইক প্রদর্শন করা হয়। বিভিন্ন সেলিব্রিটি ও উপস্থাপকদের মাধ্যমে বাইকগুলোর নকশা, রং ও বৈশিষ্ট্য দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়। এ সময় বাইকপ্রেমীরা বিভিন্ন মডেল ঘুরে দেখেন এবং নতুন এই ইলেকট্রিক বাইক নিয়ে আগ্রহ প্রকাশ করেন।
বর্ণাঢ্য মঞ্চসজ্জা, আলোকসজ্জা, অতিথিদের উপস্থিতি ও বাইক প্রদর্শনীর মধ্য দিয়ে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। গ্র্যান্ড লঞ্চিংয়ের শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। রিপন অটোসের এই উদ্যোগের মধ্য দিয়ে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইলেকট্রিক বাইকের বাজার সম্প্রসারণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here