ভ্রাম্যমান প্রতিনিধি,ডুমুরিয়া : তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ৩১)-এর প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো নিশ্চয়তা আসেনি এই অভিযোগ তুলে রোববার (১৫ নভেম্বর) ডুমুরিয়ার চুকনগর বদ্ধভূমি এলাকায় দলিত কৃষক ও নারীদের অংশ গ্রহণে খালি থালা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কপ ৩১ চলাকালে ‘আইল থেকে আন্টালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এই কার্যক্রম আয়োজন করা হয়। খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক-খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক (প্রান) এবং স্থানীয় সংগঠন ধ্রুব-খুলনা যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ধ্রুব সংস্থার কর্মকর্তা মিস আলো দে, শিক্ষিকা, সোমা আইচ, এনজিও কর্মকর্তা বাসুদেব দাস, ঝর্ণা সরকার সাংবাদিক বাহার উদ্দিন সহ আরো অনেকে।
ধ্রুব সংস্থার নির্বাহী পরিচালক রেখা মারিয়া বৈরাগী বলেন, “কৃষকের খরচ কমিয়ে এবং খাদ্য উৎপাদন সুরক্ষিত রেখেই রূপান্তর করতে হবে। জলবায়ু সংকট মোকাবিলার অর্থ ঋণ হিসেবে চাপিয়ে দেওয়া যায় না। আমরা চাই শর্তহীন অনুদান, প্রযুক্তি হস্তান্তর এবং সিদ্ধান্ত গ্রহণে কৃষকের কার্যকর অংশগ্রহণ।”














