জলবায়ু সংকটের মাশুল দিচ্ছে উপকূল, কয়রায় ক্ষতিপূরণের দাবি

0
16

কয়রা (খুলনা) প্রতিনিধি : বিশ্বনেতারা যখন তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ-৩১) জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আলোচনা করছেন, তখন জলবায়ু পরিবর্তনের ক্ষত বয়ে বেড়ানো খুলনার কয়রায় উঠেছে ন্যায্য অধিকার আদায়ের দাবি। নদীভাঙন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা ও সুপেয় পানির সংকটে বিপর্যস্ত উপকূলের মানুষের জীবন-জীবিকা রক্ষায় কার্যকর উদ্যোগ, ক্ষতিপূরণ এবং জলবায়ু তহবিলে ন্যায্য হিস্যা নিশ্চিতের দাবিতে র‍্যালি ও মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
রোববার (১৫ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শাকবাড়িয়া নদীর তীরবর্তী কাটকাটায় এ কর্মসূচি পালিত হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের সহযোগিতায় উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম এ কর্মসূচির আয়োজন করে।
উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরামের সভাপতি রাসেল আহম্মেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন ফোরামের সহসভাপতি খাদিজা সুলতানা সাথী, সদস্য সৌমেন মুন্ডা, সুব্রত মুন্ডা, আমিনুর ইসলাম, জাকি মুজাহিদ, রমেশ চন্দ্র কয়াল, আব্দুল মান্নান, আহকামূল হক, আশা এবং রাইজ প্রকল্পের প্রজেক্ট অফিসার মো. মিজানুর রহমান।
মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য উপকূলের দরিদ্র মানুষের দায় সবচেয়ে কম। অথচ এর সবচেয়ে ভয়াবহ প্রভাব তাঁদেরই বহন করতে হচ্ছে। নদীভাঙনে প্রতিনিয়ত বসতভিটা ও ফসলি জমি হারাচ্ছেন মানুষ। লবণাক্ততায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, বাড়ছে সুপেয় পানির সংকট। জীবিকা হারিয়ে অনেকে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন। অথচ আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনগুলোতে দেওয়া প্রতিশ্রুতির সুফল প্রান্তিক মানুষের কাছে কতটা পৌঁছাচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সভাপতি রাসেল আহম্মেদ বলেন, ‘জলবায়ু পরিবর্তন কোনো তাত্ত্বিক আলোচনা নয়, এটি আমাদের উপকূলীয় অঞ্চলের প্রতিদিনের বাস্তবতা। জলবায়ু পরিবর্তনে যারা সবচেয়ে কম দায়ী, ক্ষতিগ্রস্ত হচ্ছে তারাই সবচেয়ে বেশি। আমরা করুণা চাই না, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই।’
বক্তারা বলেন, কপ-৩১ সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলার আলোচনায় উপকূলীয় জনগোষ্ঠীর বাস্তব সংকট ও অধিকারকে গুরুত্ব দিতে হবে। শুধু প্রতিশ্রুতি নয়, ক্ষতিগ্রস্ত এলাকার জন্য সহজ শর্তে অর্থায়ন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা, জলবায়ুসহিষ্ণু কৃষি এবং বিকল্প কর্মসংস্থান নিশ্চিত করতে হবে।
তাঁরা আরও বলেন, কয়রার মতো ঝুঁকিপূর্ণ উপকূলীয় এলাকার মানুষের দাবি আন্তর্জাতিক জলবায়ু আলোচনায় তুলে ধরা জরুরি। জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে উন্নত দেশগুলোর দায়িত্বশীল ভূমিকার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
কর্মসূচিতে ক্লাইমেট অ্যাকশন ফোরামের সদস্য, জলবায়ুকর্মী, যুব প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত শতাধিক নারী-পুরুষ অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here