কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ায় টানা তিন দিনের ভারী বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে নিম্নাঞ্চল ও গ্রামীণ জনপদের বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষ, দিনমজুর, ক্ষুদ্র ব্যবসায়ী ও নিম্ন আয়ের পরিবার। পাশাপাশি মাঠে থাকা আমন ধানসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে ধান পাকার মৌসুমে এমন বৃষ্টিতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। জমিতে পানি জমে থাকায় ধানগাছ হেলে পড়া, পাকা ধানে পচন ধরা এবং কাটা ধান পানিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তারা। কুশোডাঙ্গা গ্রামের কৃষক আলমগীর হোসেন জানান, সার, বীজ, কীটনাশক ও শ্রমিকের পেছনে অনেক টাকা ব্যয় করে আমন ধানের আবাদ করেছেন। এখন ধান ঘরে তোলার সময় টানা বৃষ্টিতে জমিতে পানি জমেছে। এতে তাদের উৎপাদন খরচ ওঠানো নিয়েই শঙ্কা তৈরি হয়েছে।
কামারালী গ্রামের কৃষক হযরত আলী বলেন, ধান পাকার সময় এমন বৃষ্টি কৃষকদের জন্য বড় বিপদ। জমিতে পানি জমে থাকায় ধান কাটাসহ পরিচর্যার কাজ ব্যাহত হচ্ছে। দ্রুত পানি না নামলে ফলন কমে যাওয়ার পাশাপাশি কাটা ধানও নষ্ট হতে পারে। পাকা ধান বাতাসে নুইয়ে পড়েছে।
এদিকে বৃষ্টির কারণে দিনমজুর ও শ্রমজীবী মানুষের আয়-রোজগার বন্ধের উপক্রম হয়েছে। কাঁচা রাস্তা ও চলাচলের পথ কর্দমাক্ত হয়ে পড়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থাও ব্যাহত হচ্ছে।
কলারোয়া বাজারের ভ্যানচালক ফারুক হোসেন বলেন, প্রতিদিন ভ্যান চালিয়ে ৪০০ থেকে ৫০০ টাকা আয় হলেও গত দুই দিনের বৃষ্টিতে ২০০ টাকাও উপার্জন করতে পারেননি। এ অবস্থা আরও কয়েক দিন চললে সংসার চালানো কঠিন হয়ে পড়বে।
উপজেলা কৃষি কর্মকর্তা এসএম এনামুল ইসলাম শনিবার সাংবাদিকদের জানান, টানা বৃষ্টিতে আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। কাটা ধান পানিতে ডুবে গেছে। যেসব জমিতে পানি জমেছে, সেখান থেকে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি ধানগাছের অবস্থা পর্যবেক্ষণ এবং রোগবালাই দেখা দিলে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। পানি দ্রুত নিষ্কাশন করা না গেলে কৃষিতে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে এই কৃষি কর্মকর্তা মত প্রকাশ করেন।













