টানা দুই দিনের বৃষ্টিতে শালিখায় ফসলের ক্ষতির শঙ্কা, দুশ্চিন্তায় কৃষক

0
58

সাইফুল ইসলাম : শালিখা (মাগুরা) প্রতিনিধি: টানা দুই দিনের বৃষ্টিতে মাগুরার শালিখা উপজেলার মাঠগুলোতে আমন ধান, সরিষা, রবি শস্য ও বিভিন্ন ধরনের সবজি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে শনিবার সকাল থেকে বৃষ্টি না হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে কৃষকদের মধ্যে। তবুও মাঠে কেটে রাখা আমন ধান ভিজে থাকায় এবং বিভিন্ন ফসলের জমিতে পানি জমে থাকায় ক্ষতির আশঙ্কা কাটেনি।
উপজেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা গেছে, বৃষ্টির পানিতে কেটে রাখা আমন ধান ভিজে রয়েছে। জমিতে পানি জমে থাকায় সবজি ও অন্যান্য ফসল নিয়েও উদ্বিগ্ন কৃষকেরা। বৃষ্টির কারণে ধান শুকানো ও ঘরে তোলা কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ বছর আমন ধানের ফলন ভালো হওয়ায় তাঁরা বেশ আশাবাদী ছিলেন। ধান পেকে যাওয়ায় অনেকে দ্রুত কাটা শুরু করেন। কিন্তু টানা বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে যাওয়ায় সেই আশায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধান ভেজা থাকলে গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা করছেন তাঁরা।
আড়পাড়া ইউনিয়নের দরিশলই গ্রামের কৃষক আবু মিয়া জানান, অনেক কষ্ট করে ধানের আবাদ করেছি। ফলনও ভালো হয়েছিল। কিন্তু টানা বৃষ্টিতে মাঠে কেটে রাখা ধান ভিজে গেছে। এখন রোদ না উঠলে ধান শুকিয়ে ঘরে তোলা কঠিন হবে।
চুকিনগর গ্রামের সবজি চাষি আলী হোসেন জানান, ৮০ শতক জমিতে টমেটো ও শসা চাষ করেছেন। এতে তিন থেকে চার লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। তবে বৃষ্টির পানিতে জমিতে পানি জমে যাওয়ায় ফসল নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন।
শালিখা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আবুল হাসনাত জানান, চলতি মৌসুমে উপজেলায় ১৪ হাজার ৮৯০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এসব জমি থেকে প্রায় ৫৮ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের আশা করা হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে ফসলের ক্ষয়ক্ষতি কমাতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
কৃষকদের প্রত্যাশা, আবহাওয়া দ্রুত স্বাভাবিক হয়ে রোদ উঠলে ভিজে যাওয়া ধান শুকিয়ে ঘরে তোলা সম্ভব হবে। পাশাপাশি জমে থাকা পানি দ্রুত নেমে গেলে অন্যান্য ফসলও রক্ষা পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here