শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

0
9

আব্দুল জাব্বার, শৈলকুপা ঝিনাইদহ সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকূপায় আকস্মিক বৃষ্টিতে কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, এই বৃষ্টিতে ৮১৫ হেক্টর জমির পেঁয়াজের বীজতলা, ২ হাজার ২৩০ হেক্টর ধানক্ষেত এবং ৫৮০ হেক্টর জমির অন্যান্য ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
শৈলকূপা উপজেলা কৃষি অফিসার মোঃ আরিফুজ্জামান জানান, অসময়ের এই বৃষ্টিতে কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। বিশেষ করে পেঁয়াজের বীজতলা ও পাকা ধানের ক্ষতি কৃষকদের জন্য বড় ধাক্কা। তিনি বলেন, “ক্ষতির প্রকৃত পরিমাণ এখনই নির্ণয় করা সম্ভব হয়নি। কয়েকদিন পর ক্ষতির একটি সঠিক অনুমান পাওয়া যাবে।”
শৈলকুপা উপজেলার চরবাকরবা গ্রামের কৃষক শরিফুল ইসলাম জানান, এক কেজি পেঁয়াজের বীজ উৎপাদনের জন্য প্রায় ৪ শতাংশ জমির প্রয়োজন হয়। ফলে বীজতলা নষ্ট হওয়ায় আগামী মৌসুমে পেঁয়াজের চারা ও বীজের সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করেন তিনি। এতে পেঁয়াজ চাষ বিলম্বিত হওয়ার পাশাপাশি বাজারে পেঁয়াজের দামেও প্রভাব পড়তে পারে।
স্থানীয় কৃষকরা আরো জানান, অনেকে ধারদেনা করে বীজতলা তৈরি করেছিলেন। হঠাৎ বৃষ্টিতে জমিতে পানি জমে যাওয়ায় চারা পচে যাচ্ছে। একই সঙ্গে মাঠে থাকা ধান ও অন্যান্য ফসলও পানিতে তলিয়ে গেছে। এতে তাঁরা চরম দুশ্চিন্তায় রয়েছেন।
ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে তথ্য সংগ্রহ করছে। জমির পানি দ্রুত নিষ্কাশন, বীজতলা পুনরায় প্রস্তুত এবং বিকল্প ফসল চাষের বিষয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি কর্মকর্তারা আশা করছেন, সরকারি প্রণোদনা ও সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকরা ঘুরে দাঁড়াতে পারবেন।
ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সরকারি সহায়তা ও প্রণোদনার দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here