হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি :সারাদেশে শিক্ষক-কর্মচারী নির্যাতন, নিপীড়ন ও সম্প্রতি নড়াইলের শিক্ষক স্বপন বিশ্বাসকে লাঞ্ছিত করা ও সাভারের আশুলিয়াই হাজী ইউনুচ আলী স্কুল এন্ড কলেজের প্রভাষক উৎপল কুমার সরকারকে আশরাফুল ইসলাম জিতু কর্তৃক হত্যার বিচারের দাবীতে যশোরের মণিরামপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৪ জুলাই-২০২২) সকালে মণিরামপুর উপজেলা চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি, মণিরামপুরের আয়োজনে মণিরামপুরের শিক্ষকেরা এ কর্মসূচী পালন করেন।
শিক্ষকেরা প্রথমে প্রতিবাদ মুখোর পরিবেশে ব্যানার হাতে নিয়ে মণিরামপুর বাজারের বিভিন্ন সড়কে মিছিল করে উপজেলা চত্বরে এসে শেষ করে। সেখানে অবস্থান করে শিক্ষকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এ প্রতিবাদ সমাবেশে মণিরামপুরের শিক্ষক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর স্মারকলিপি পেশ করেন।














