যশোর : যশোরে শনিবার থেকে শুরু হচ্ছে ভূমি সেবা সপ্তাহ। এ উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে যশোর জেলা প্রশাসন। বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটায় কালেক্টরেট সভাকক্ষ সনেটে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার।
এ সময় তিনি বলেন, ৮ জুন শনিবার থেকে যশোরে উদযাপন করা হবে ভূমি সেবা সপ্তাহ। শনিবার সকাল দশটায় কালেক্টরেট চত্বরে বেলুন ফেস্টুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করবেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এরপর বের করা হবে বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে কালেক্টরেট সভাকক্ষে অনুষ্ঠিত হবে দিবসের আলোচনা সভা। ৮ জুন থেকে ১৪ জুন জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে স্থাপন করা হবে ভূমি সেবা বুথ। এখান থেকে ভূমি সেবা সম্পর্কিত তথ্য ও সেবা প্রদান করা হবে। ১২ জুন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত সুসজ্জিত মাইক্রোবাসের মাধ্যমে ভ্রাম্যমাণ ভূমি সেবা প্রদান করা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রেসকাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রেভিনিউ ডেপুটি কালেক্টর রাহাত খান ও এনডিসি আবদুল আহাদ।














