অভয়নগরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

0
8

অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোরের অভয়নগরে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে বাহিরঘাট ব্লাড ব্যাংক ও এলাকাবাসীর উদ্যোগে বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন বাহিরঘাট ব্লাড ব্যাংকের সাধারণ সম্পাদক সাকিবুল হাসান, শিক্ষক মো. মোতালেব আলী, অভিভাবক আকবর আলী ও পঞ্চম শ্রেণির ছাত্রী সালেহা খাতুন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষাপ্রতিষ্ঠানের মতো নিরাপদ স্থানে এমন গুরুতর অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেনকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গত ২৫ অক্টোবর বাহিরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক ইমরান হোসেনের বিরুদ্ধে অভয়নগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই শিক্ষার্থীর বাবা।
এজাহারে উল্লেখ করা হয়, টিফিনের সময় ওয়াশরুমে গেলে সেখানে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করেন অভিযুক্ত শিক্ষক। পরে বাড়িতে ফিরে মাকে বিষয়টি জানায় শিশুটি। খবর পেয়ে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিক্ষার্থীর বাড়িতে যান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক ইমরান হোসেন পলাতক রয়েছেন। তাকে পালিয়ে যেতে সহযোগিতা করার অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলিয়া আফরিন ও দপ্তরি মোস্তাফিজুর রহমানকে গত ২৮ অক্টোবর নওয়াপাড়া বাজার থেকে আটক করে পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here