মানবিক সেবায় ‘আমরা সবাই এক সামাজিক সংঘ’: পালবাড়ীতে ইজিবাইক ও রিকশা চালকদের মাঝে ইফতার বিতরণ

0
141

নিজস্ব প্রতিবেদক, যশোর : পবিত্র মাহে রমজানের শিক্ষা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে যশোরে তরুণদের গঠিত সামাজিক সংগঠন ‘আমরা সবাই এক সামাজিক সংঘ’। আজ ৯ই রমজান, শুক্রবার বিকেলে পালবাড়ী গাজির ঘাট কলোনি মোড় (বাঁশতলা) এলাকায় শ্রমজীবী ইজিবাইক ও রিকশা চালকদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনটির উন্যতম সদস্য শাওন খান এবং আজমীর হোসেনের বলিষ্ঠ নেতৃত্বে এই মানবিক কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। ইফতার বিতরণের সময় সংগঠনের অন্যান্য একনিষ্ঠ কর্মীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ইফতার বিতরণ কর্মসূচি সম্পর্কে শাওন খান বলেন, “রমজান আমাদের ধৈর্য এবং সহমর্মিতার শিক্ষা দেয়। সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করা আমাদের রিকশা ও ইজিবাইক চালক ভাইদের হাতে ইফতার তুলে দিতে পেরে আমরা আনন্দিত। তাদের তৃপ্ত হাসিমুখই আমাদের সংগঠনের মূল সার্থকতা।”
অপরদিকে আজমীর হোসেন জানান, “সামাজিক দায়বদ্ধতা থেকেই আমাদের এই ক্ষুদ্র আয়োজন। আমরা বিশ্বাস করি, একে অপরের বিপদে এবং বিশেষ দিনগুলোতে পাশে দাঁড়ানোই ইসলামের প্রকৃত শিক্ষা। ইনশাআল্লাহ, আগামীতেও জনকল্যাণমূলক এমন কর্মসূচি অব্যাহত থাকবে।”
সংগঠনটির এই উদ্যোগ স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। উপস্থিত ইজিবাইক চালকরা এই মানবিক প্রচেষ্টার প্রশংসা করে সংগঠনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। বিতরণ শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ‘আমরা সবাই এক সামাজিক সংঘ’ দীর্ঘ দিন ধরে যশোরের আশপাশ এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রেখে স্থানীয়দের আস্থা অর্জন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here