যশোর অফিস : যশোরের বাঘারপাড়া উপজেলার দোহাকুলা গ্রামে জমি দখল ও চাঁদা দাবিকে কেন্দ্র করে এক নারী ও তার পরিবারের ওপর হামলার অভিযোগে সোমবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেছে। তিনি বলেছেন এ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসীরা আমাদের পরিবারের লোকজনের উপর হামলা করেছে দুজন ব্যক্তি আহত হয়েছে এই ঘটনায় তারা হাসপাতালে ভর্তি আছে। এঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও এখনো মামলা রুজু হয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ উপস্থাপন করেন গোলাপী খাতুন (৪৪)। তিনি সংবাদ সম্মেলনে বলেন, বাঘারপাড়া উপজেলার দোহাকুলা মৌজায় ৭৭৫ নম্বর দাগ ও ১৩৩৩ নম্বর খতিয়ানের মোট সাড়ে ১০ শতক জমি দুই দফায় ক্রয় করেন। প্রথমে ২০২৪ সালের ১৭ এপ্রিল মো. শফিকুল ইসলামের কাছ থেকে ৫.৫০ শতক এবং একই বছরের ১০ নভেম্বর মো. মইনুল ইসলামের কাছ থেকে আরও ৫ শতক জমি ক্রয় করেন। জমি কেনার পর থেকেই স্থানীয় কয়েকজন ব্যক্তি তার জমি দখলের চেষ্টা করে আসছিল বলে অভিযোগ করেন তিনি।
তার অভিযোগ, গত ১৮ ফেব্রুয়ারি জমির পাঁচ শতকে ঘর নির্মাণের কাজ শুরু করলে ২৫ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে তারেক (৩২), মিঠু (৪৫) ও লিটন হোসেন (৪০)সহ কয়েকজন সেখানে গিয়ে নির্মাণ কাজে বাধা দেন। এ সময় তারা জমিতে লাগানো গাছ উপড়ে ফেলে এবং ঘরের খুঁটিসহ নির্মাণ সামগ্রী নষ্ট করে দেয়। একই সঙ্গে ঘরের কাজ করতে হলে দুই লাখ টাকা চাঁদা দাবি করে এবং বিভিন্ন হুমকি দিয়ে চলে যায়।
পরে ৭ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে আবারও অভিযুক্তরা ঘটনাস্থলে গিয়ে চাঁদা দাবি করে। এ সময় গোলাপী খাতুন টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ করা হয়েছে। বাধা দিতে গেলে গোলাপীর ভাই লিটন ও মা লাল ভানুকে রড দিয়ে আঘাত করলে তারা গুরুতর আহত হন। পরে তাদের যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ সময় গোলাপী খাতুনের কাছে থাকা সাইড ব্যাগ থেকে ৬০ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। ঘটনার সময় স্থানীয় নুরুল ইসলাম, মীম ও মনির উদ্দীন উপস্থিত ছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
গোলাপী খাতুন জানান, তিনি বিষয়টি নিয়ে বাঘারপাড়া থানায় অভিযোগ দিলেও এখনো মামলা হিসেবে রুজু হয়নি। এ অবস্থায় অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলেও তিনি দাবি করেন। তিনি প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা কামনা করেছেন।
এ বিষয়ে বাঘারপাড়া থানার পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে গোলাপী খাতুনের পরিবারের অন্যর সদস্যরা উপস্থিত ছিলেন














