যশোরে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

0
140

স্টাফ রিপোর্টার : যশোরে বর্ণিল আয়োজনে উদযাপিত হবে পহেলা বৈশাখ। সকাল সাড়ে আটটায় টাউন হল ময়দান থেকে জাতীয় সঙ্গীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মাধ্যমে শুরু হবে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা। শোভাযাত্রাটি টাউন হল মাঠ থেকে শুরু হয়ে কালেক্টরেট মার্কেটের সামনের গেট দিয়ে বের হয়ে দড়াটানা চিত্রামোড় চৌরাস্তা কোতোয়ালী থানার সামনে দিয়ে বিবর্তণ ও কিংশুকের সামনে দিয়ে মাইকপট্টি হয়ে টাউনহল মাঠে গিয়ে শেষ হবে। সভায় আরও সিদ্ধান্ত হয়েছে, শোভাযাত্রায় মুখ ঢাকা মুখোশ নিষিদ্ধ থাকবে। তবে মুখোশের প্রতিকৃতি হাতে বা প্লাকার্ড হিসেবে ব্যবহার করা যাবে। যশোরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন বর্ষবিদায় ও বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করবে। এ সব সংগঠনকে যশোর জেলা পরিষদের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে অনুদান দেয়া হবে। নিরাপত্তা বিষয়ে অনুষ্ঠান করার আগে থেকে অবহিত করা এবং সন্ধ্যার আগে সব ধরণের অনুষ্ঠান শেষ করতে হবে।
বুধবার বেলা এগারটায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট সভাকক্ষে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে প্রস্তুতি সভায় এ সব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। সভা সঞ্চালনা করেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকার। সভায় যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, যশোরে বরাবরই নান্দনিকভাবে পহেলা বৈশাখ উদযাপিত হয়। তবে নতুন সরকারের নতুন নববর্ষকে আমরা আরো আনন্দঘন, উৎসবমূখর ও বর্ণিল আয়োজনে করতে চাই। আবহমান বাংলার চিরাচরিত রূপ শোভযাত্রায় ফুটিয়ে তোলার জন্য সবাইকে তিনি আহবান জানান। যশোর জেলা পরিষদের প্রশাসক দোলোয়ার হোসেন খোকন বলেন, সাংস্কৃতিক সংগঠনগুলো আর্থিক টানাপোড়েনের মধ্যেও পহেলা বৈশাখ উদযাপনে নানা প্রস্তুতি নেয়। তাদের পাশে থেকে উৎসাহ প্রদানের জন্য যারা অনুষ্ঠান আয়োজন করছে প্রতিটি সংগঠনকে পাঁচহাজার টাকা করে জেলা পরিষদের পক্ষ থেকে অনুদান দেয়া হবে। অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার বলেন, শোভাযাত্রা ও বৈশাখের সকল অনুষ্ঠান আয়োজন নির্বিঘ্ন করতে মাঠে থাকবে পুলিশ বিভাগ। যানজট নিরসনসহ নিরাপত্তা প্রদানের সব ধরণের সহায়তা করা হবে। তবে সব সংগঠনকে নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করার জন্য অনুরোধ করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, দৈনিক লোকসমাজের প্রকাশক ও যশোর ক্লাবের সাধারণ সম্পাদক শান্তনু ইসলাম সুমিত, সাংস্কৃতিক নেতা সানোয়ার আলম খান দুলু, দীপংকর দাস রতন, কাজী মামুনুর রশীদ, দেওয়ান মোর্শেদ আলম, আনিসুজ্জামান পিন্টু প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here