শ্যামনগরে শিলাবৃষ্টির তাণ্ডব বোরো ধানসহ বিভিন্ন ফসল ধ্বংস ক্ষতির মুখে ২৪২৫ কৃষক

0
171

মনিরুজ্জামান জুলেট, উপকূলীয় প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আকস্মিক শিলাবৃষ্টির তাণ্ডবে বোরো ধান তরমুজ, সবজি ও সূর্যমুখীসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক সরকারি হিসাবে প্রায় ১২.৫ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮২৮.১১ লাখ টাকা। এতে উপজেলার অন্তত ২,৪২৫ জন কৃষক চরম দুর্ভোগে পড়েছেন। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে বিরূপ আবহাওয়ার মধ্যে হঠাৎ শুরু হওয়া তীব্র শিলাবৃষ্টি প্রায় ২০–৩০ মিনিট স্থায়ী হয়। এতে মুন্সিগঞ্জ হেতালখালী, ঈশ্বরীপুর ঘুমঘাট অন্তাখালী ও বুড়িগোয়ালিনী ইউনিয়নসহ বিভিন্ন এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। মাঠপর্যায়ে দেখা গেছে পাকা ও আধাপাকা বোরো ধানের শীষ ভেঙে মাটিতে লুটিয়ে পড়েছে। তরমুজের ক্ষেতগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে অনেক জায়গায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এছাড়া বিভিন্ন ধরনের সবজি ক্ষেতেও ব্যাপক ক্ষতির চিত্র দেখা গেছে। ক্ষতিগ্রস্ত কৃষক আব্দুল করিম বলেন ধার-দেনা করে বোরো ধান ও তরমুজ চাষ করেছিলাম। শুরুতেই পানির অভাবে অনেক জমি নষ্ট হয়েছে। এখন শিলাবৃষ্টিতে যা ছিল তাও শেষ। সংসার চালানোই কঠিন হয়ে গেছে। আরেক কৃষক হাফিজুর রহমান বলেন, আমাদের কোনো সঞ্চয় নেই। ফসলই ছিল একমাত্র ভরসা। এখন সব শেষ। সরকারি সহায়তা না পেলে পথে বসতে হবে। উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ইতোমধ্যে ক্ষয়ক্ষতির প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রণোদনা, বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং সহজ শর্তে ঋণ প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
কৃষি সংশ্লিষ্টরা জানান চলতি মৌসুমের শুরু থেকেই পানির সংকটের কারণে অনেক জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছিল। তার ওপর হঠাৎ শিলাবৃষ্টির এই আঘাত কৃষকদের জন্য “ডাবল ধাক্কা হয়ে এসেছে। কৃষিবিদ কৃষ্ণপদ পরমান্য বলেন পানির সংকট ও আকস্মিক শিলাবৃষ্টি—দুটোই জলবায়ু পরিবর্তনের প্রভাব। কৃষকদের টেকসই কৃষি পদ্ধতির দিকে নিয়ে যেতে হবে এবং আগাম সতর্কতা ব্যবস্থা জোরদার করা জরুরি। পরিবেশবিদদের মতে উপকূলীয় এলাকা হওয়ায় শ্যামনগর জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে অন্যতম। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ এখন প্রায় নতুন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। এদিকে ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত সঠিক তালিকা প্রণয়ন, পর্যাপ্ত প্রণোদনা সহজ শর্তে ঋণ এবং বিনামূল্যে বীজ-সারসহ জরুরি সহায়তা প্রদানের দাবি জানিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণে কাজ চলছে এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের দুর্যোগ শুধু কৃষকদের জীবিকাকেই হুমকির মুখে ফেলছে না বরং দেশের খাদ্য নিরাপত্তার ওপরও দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। তাই এখনই কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here