যশোর অফিস : যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর জামতলা এলাকায় তাসফিয়া ফাতেমা মাহি (১৭) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
মঙ্গলবার (২৩ জুন) ভোরে এ ঘটনা জানাজানি হয়। নিহত তাসফিয়া ফাতেমা মাহি যশোর যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের শ্রীপদ্দি ঘোড়াগাছা এলাকার মো. রুহুল আমিন লালটুর কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক ও প্রেমঘটিত কারণে মাহি কিছুদিন ধরে তার ফুপু পারভীনা আক্তার খুকুর বাড়িতে অবস্থান করছিল। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। মঙ্গলবার রাত চারটের পরে মাহির ফুপা ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে তাকালে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে তার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা ছুটে এসে মাহিকে নামিয়ে উদ্ধার করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হয়।
প্রাথমিকভাবে পারিবারিক কলহ ও প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্বজনরা জানিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করেছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি বলেন এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত ফাতেমার হাতের লেখা প্রেম গঠিত একটি চিঠি উদ্ধার করা হয়েছে। যা তিনি মারা যাওয়ার আগে নিজের হাতে লিখে গেছেন।














