বেনাপোল থেকে এনামুল হক : যশোরের বেনাপোল বাজারের প্রধান সড়কের দুই পাশের ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানপাট বসানো এবং সড়কের ওপর বিভিন্ন ধরনের যানবাহন দাঁড়িয়ে থাকায় প্রতিদিনই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে চরম ভোগান্ততে পড়েছেন পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ। একই সঙ্গে বাড়ছে প্রায় ছোট-বড় দুর্ঘটনা।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বাজার এলাকার ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করা হলেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে পথচারীরা ফুটপাত ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করছেন। এতে যানবাহনের চাপ বেড়ে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।
এলাকাবাসীর দাবি, সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাজার এলাকায় তীব্র যানজট লেগেই থাকে। বিশেষ করে অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির সময়ে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। এতে জরুরি সেবার যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটে।
স্থানীয়রা বলেন, এভাবে অবৈধ দখল ও অনিয়ম চলতে থাকলে বেনাপোল বাজারের যানজট কখনোই নিরসন হবে না। তাই অবিলম্বে ফুটপাত দখলমুক্ত করা, সড়কে অবৈধ পার্কিং বন্ধ করা এবং নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে স্থানীয়দের প্রত্যাশা, ট্রাফিক পুলিশ, উপজেলা প্রশাসন এবং বেনাপোল পৌর কর্তৃপক্ষ সমন্বিতভাবে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে বাজার এলাকার যানজট ও জনদুর্ভোগ অনেকাংশে কমে আসবে।














