কেশবপুরে ২০০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

0
89

এহসানুল হোসেন তাইফুর, বিশেষ প্রতিনিধি : যশোরের কেশবপুরে ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার
দুপুরে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের উদ্যোগে
বিভিন্ন জলাশয়ে এই অভিযান পরিচালনা করে চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে
বিনষ্ট করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কেশবপুর উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেশকাতুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলার বিভিন্ন জলাশয়ে অবাধে
অবৈধ চায়না দুয়ারী জাল ব্যবহার করায় দেশীয় মাছ ও জলজ প্রাণীর অস্তিত্ব হুমকির মুখে
পড়ে। চায়না দুয়ারী জাল ব্যবহার করে উপজেলার সাতবাড়িয়া ও ত্রিমোহিনী ইউনিয়নের
গোপালপুর বটতলা এলাকার জলাশয়ে মাছ ধরা হচ্ছে এমন খবরে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় বিলের পানি থেকে প্রায় এক লাখ টাকা মূল্যের দুই হাজার মিটার চায়না দুয়ারী
জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
কাজী মেশকাতুল ইসলামের নির্দেশনায় জনসম্মুখে উদ্ধারকৃত অবৈধ চায়না দুয়ারী
জাল পুড়িয়ে ধ্বংস ও বিনষ্ট করা হয়েছে। এ সময় সিনিয়র উপজেলা সিনিয়র মৎস্য
অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা আনসার ভিডিপি অফিসার মিয়াজান আলীসহ
পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস বলেন, কপোতাক্ষ নদ এলাকায় বিভিন্ন
জলাশয় থেকে ২ হাজার মিটার অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে পুড়িয়ে বিনষ্ট করা
হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী
মেশকাতুল ইসলাম বলেন, উপজেলার বিভিন্ন জলাশয়ে অবৈধ চায়না দুয়ারী জাল ও কারেন্ট
জাল দিয়ে মাছ ধরার বিষয়ে অভিযোগ পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়। যে সমস্ত
জলাশয়ে অবৈধ জাল পাচ্ছি সেটা জব্দ করে বিনষ্ট করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here