রাজয় রাব্বি, অভয়নগর (যশোর) : জাতীয় সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে বাড়ি বাড়ি কার্ড দিয়ে সরকার বেকারত্বকে উৎসাহ দিচ্ছে। দেশকে এগিয়ে নিতে হলে উৎপাদনমুখী রাষ্ট্র গড়ে তুলতে হবে। সেই লক্ষ্যেই এনসিপি নামের চারা গাছকে একটি শক্তিশালী বৃক্ষে পরিণত করতে আপনাদের সমর্থন প্রয়োজন। আমরা জনগণের সঙ্গে প্রতারণা করব না।” শুক্রবার (২৪ জুলাই) বিকালে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনসিপি অভয়নগর উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী শাহজাহান কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় হাসনাত আব্দুল্লাহ বলেন, “দেশের মালিক জনগণ ভোট বিক্রি করে নিজেদের গোলামির শৃঙ্খলে আবদ্ধ করে ফেলে। এরপর পাঁচ বছর সেই সিদ্ধান্তের বোঝা টানতে হয়। এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। জনগণ সচেতনভাবে ভোটাধিকার প্রয়োগ করলে জনপ্রতিনিধিরা পাঁচ বছর জনগণের সেবক হয়ে কাজ করতে বাধ্য হবে।” নারীর রাজনৈতিক অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “দেশের ৫১ শতাংশ নারীকে রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বাইরে রেখে একটি সুষম ও উন্নত রাষ্ট্র গঠন সম্ভব নয়। তাই নারীদের রাজনীতিতে আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে হবে।”
পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও সরওয়ার তুষার, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও এনসিপির যুগ্ম মূখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু, এনসিপির যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশের কেন্দ্রীয় সহ-দপ্তর সম্পাদক প্রকৌশলী ইরফান কাদির, এনসিপি যশোর জেলা শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান।














