নিজস্ব প্রতিবেদক : যশোরের মনিরামপুর উপজেলার বিভিন্ন ঘোষ ডেয়ারি, দুগ্ধ খামার ও
বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যশোর জেলা
কার্যালয়। শনিবার (৫ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে ভেজাল সন্দেহে ৫০ লিটার দুধ জব্দ
করে বিনষ্ট করা হয়েছে। একই সঙ্গে একটি প্রতিষ্ঠানের বাসি মিষ্টিও জব্দ করে
জনসম্মুখে ধ্বংস করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, যশোর জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার আব্দুর
রহমানের নেতৃত্বে এ মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানকালে দাদাভাই মিষ্টান্ন ঘোষ ভান্ডার পরিদর্শন করা হয়। সেখানে মিষ্টি ও দই
তৈরির জন্য সংগ্রহ করা দুধ ভেজাল সন্দেহে জিজ্ঞাসাবাদ করা হলে সংশ্লিষ্টরা ভেজালের
বিষয়টি স্বীকার করেন বলে কর্তৃপক্ষ জানায়। পরে ওই প্রতিষ্ঠানের ৫০ লিটার দুধ জব্দ করে
বিনষ্ট করা হয়।
পরে সাতক্ষীরা ঘোষ ডেয়ারি পরিদর্শন করা হলে মিষ্টি ও দুগ্ধজাত পণ্য তৈরির কারখানাটি
অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এ সময় সেখানে থাকা বাসি মিষ্টি
জব্দ করে জনসম্মুখে বিনষ্ট করা হয়।
এদিকে তপন ঘোষ দুগ্ধ ভান্ডার পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানের মালিককে পাওয়া যায়নি। পরে
তার বাড়িতে খোঁজ নিয়ে জানা যায়, তিনি বর্তমানে আর দুধের ব্যবসা করেন না।
কর্তৃপক্ষ জানায়, এর আগে ওই প্রতিষ্ঠানে জরিমানা আরোপ ও আদায় করা হয়েছিল।
অভিযানের অংশ হিসেবে ব্র্যাক ডেয়ারি সেন্টার (চিলিং সেন্টার) পরিদর্শন করা হয়।
সেখানে তালিকাভুক্ত খামারিদের কাছ থেকে দুধ সংগ্রহ এবং দুধের প্যারামিটার পরীক্ষা-
সংক্রান্ত কোনো রেজিস্টার পাওয়া যায়নি। এছাড়া চিলিং সেন্টারের পরিষ্কার-
পরিচ্ছন্নতায় ঘাটতি এবং কর্মীদের অ্যাপ্রোন ও হেডক্যাপ না থাকার বিষয়টি
পরিলক্ষিত হয়।
সার্বিক ব্যবস্থাপনার উন্নতি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে চিলিং সেন্টার
কর্তৃপক্ষকে ১০ দিনের সময় দেওয়া হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত
করতে মনিরামপুরসহ জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম
অব্যাহত থাকবে।














