যশোর অফিস : যশোর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে অটোরিকশা চুরি করে পালানোর সময় রনজু হোসেন গোলাপ (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে তাকে ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত গোলাপ শহরের চোপদারপাড়া এলাকার দিলজার হোসাইনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, অটোরিকশাচালক মোহাম্মদ হোসেনকে সঙ্গে নিয়ে গোলাপ আদালত চত্বরে আসেন। চালক ভাড়ার টাকা খুচরা করতে গেলে গোলাপ অটোরিকশাটি নিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় চালকের চিৎকারে স্থানীয় লোকজন ও আদালতে দায়িত্বরত পুলিশ তাকে আটক করে।
পরে চালকের লিখিত অভিযোগের ভিত্তিতে আদালত গোলাপকে দোষী সাব্যস্ত করে এ সাজা দেন। রায়ের পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।














