আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) : যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস উপলক্ষে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়ার মধ্য দিয়ে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি ও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি তানিয়া রহমান সুমি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান ও রায়পুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান। বক্তারা নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, উচ্চশিক্ষার নতুন অধ্যায়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
নবীনদের উদ্দেশে তারা আরও বলেন, শিক্ষাজীবন শুধু ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; জ্ঞান, সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সমন্বয়েই একজন শিক্ষার্থী ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানের শেষপর্বে কলেজের শিক্ষার্থী ও আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। মনোমুগ্ধকর গান ও বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনায় নবীনবরণ অনুষ্ঠানটি পরিণত হয় আনন্দঘন মিলনমেলায়।














