যশোরে বিএনপির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের অভিযোগে মামলা

0
38

যশোর অফিস : যশোর শহরের খড়কী এলাকায় বিএনপির আঞ্চলিক কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের অভিযোগে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। গত ৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় খড়কী দক্ষিণপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে ওহিদুল ইসলাম সোহেল বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে মামলাটি করেন।
মামলার এজাহারে নাম উল্লেখ করা আসামিরা হলেন খড়কী এলাকার চান্দালী ওরফে চাঁদ আলীর ছেলে লাদেন (২৬), আবদুর রশিদের ছেলে সানি (২৫), মুজিবর রহমানের ছেলে সাকিব (৩০) এবং তহিদুল ইসলামের ছেলে তৌফিক (১৯)।
এজাহারে বাদী অভিযোগ করেন, আসামিরা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক সেবন ও বিক্রি এবং চাঁদাবাজির সঙ্গে জড়িত। এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ৪ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে তাঁরা খড়কী বিএনপির আঞ্চলিক কার্যালয়ের পাশে মেহেদী হাসানের বাড়ির সামনে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনার পর আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হয়। ফুটেজে আসামিদের বোমা বহন ও বিস্ফোরণ ঘটানোর দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়েছে। এর ভিত্তিতে চারজনকে শনাক্ত করা হয়েছে। তবে অজ্ঞাতনামা অন্যদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে ওই বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here