কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকর্মী এবং সিআর ওয়ারেন্টভুক্ত এক নারীকে গ্রেপ্তার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
শনিবার (১০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে এবং নিয়মিত বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—কোটচাঁদপুর উপজেলার কাগমারি গ্রামের সামাউল ইসলাম (৪৪), ইকরা পূর্বপাড়ার মো. ঠান্ডু (৫৫), সলেমানপুর শেখপাড়ার ওমর ফারুক (২৮) এবং কুশনা গ্রামের পারভীনা খাতুন।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার সামাউল ইসলাম বলুহর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য, মো. ঠান্ডু কুশনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারি এবং ওমর ফারুক কোটচাঁদপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হিসেবে পরিচিত।
ঝিনাইদহের কোটচাঁদপুর থানার মামলা নম্বর ১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নম্বর ১১৮/২৬-এর সন্ত্রাসবিরোধী আইনের মামলার তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটিতে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৭ থেকে ১৩ ধারার উল্লেখ রয়েছে।
অন্যদিকে, একই দিনে পুলিশের পৃথক অভিযানে কোট সিআর-৩১২/২৬ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি পারভীনা খাতুনকে (স্বামী: কাজল হোসেন) তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি কোটচাঁদপুর উপজেলার কুশনা গ্রামের বাসিন্দা।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান,গ্রেপ্তারকৃত চারজনকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং গ্রেপ্তারি পরোয়ানা তামিলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।














