চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

0
5

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গা জেলা কারাগারে সাজাপ্রাপ্ত এক কয়েদী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেছেন।
বুধবার রাত ১২ টায় মারামারির মামলায় সাজাপ্রাপ্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র স্কুলপাড়ার মৃত আমিরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন(৬৫) সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যায়। চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার (চলতি দায়িত্ব) শাখাওয়াত হোসেন জানান, মারামারির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আনোয়ার হোসেন কয়েদি হিসেবে কারাগারে ছিলেন। তিনি হৃদ্‌রোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ১৭ অক্টোবর থেকে তিনি কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাত ১১টা ৫ মিনিটে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়।কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, আনোয়ার হোসেনের বিরুদ্ধে জি আর মামলা নম্বর ৭০৪/১৯ এবং টি আর মামলা নম্বর ৯৬/২০-এর অধীনে দণ্ডবিধির ৩২৪ ধারায় সাজা হয়েছিল। তার সাজা ছিল দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা। জরিমানা অনাদায়ে আরও ৬০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের বিধান ছিল। গত ৩০ সেপ্টেম্বর তিনি কারাগারে আসেন।
মৃত্যুসনদে তার মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক বা তীব্র হৃদ্‌যন্ত্রের সমস্যা উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তিনি ডায়াবেটিস, হাপানি ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানানো হয়েছে।পরে আনুষ্ঠানিক ভাবে তার পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here