শীতের আগমনী বার্তা, খেজুরগাছ প্রস্তুতে ব্যস্ত অভয়নগরের গাছিরা

0
3

অভয়নগর (যশোর) প্রতিনিধি : দরজায় কড়া নাড়ছে শীত। প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগমনী বার্তা। আর শীতের আগমনের সঙ্গে সঙ্গে যশোরের অভয়নগরে শুরু হয়েছে খেজুরের রস সংগ্রহের প্রস্তুতি। গাছের মাথা পরিষ্কার করা, ডালপালা ছাঁটা থেকে শুরু করে রস সংগ্রহের উপযোগী করে তোলার কাজে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। শীতের মিষ্টি রস ও গুড়ের আশায় আগেভাগেই প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন গ্রামের রাস্তার পাশ, জমির আইলে সারি সারি খেজুরগাছ প্রস্তুত করছেন গাছিরা। গাছের মাথা পরিষ্কার করে প্রায় দুই সপ্তাহ বিশ্রামে রেখে দেওয়া হচ্ছে। এরপর গাছ কেটে বাঁশের নল বসিয়ে শুরু হয় রস সংগ্রহ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর অভয়নগরে প্রায় ৪২০ জন গাছি খেজুরগাছ প্রস্তুত ও রস সংগ্রহের কাজে যুক্ত হয়েছেন। চলতি মাসের শেষ সপ্তাহ থেকে শুরু হবে গুড় উৎপাদন। উল্লেখ্য, ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি খেজুরের গুড় ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি পায়।
উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামের গাছি আনোয়ার গাজী বলেন, ‘আমরা খেজুরগাছ কাটা শুরু করেছি। শীত যত বাড়বে, ততই বাড়বে রস সংগ্রহের ব্যস্ততা। এই খেজুরের রস, গুড় ও পাটালি আমাদের ঐতিহ্য। এসব নিয়ে আমরা গর্ব করি।’ সুন্দলী ইউনিয়নের হরিশপুর গ্রামের গাছি রতন কুমার বলেন, ‘আর কিছুদিনের মধ্যেই গাছ থেকে রস পাওয়া যাবে। তাই এ বছর আগের তুলনায় বেশি গাছ প্রস্তুত করেছি। আশা করছি, গুড় ও পাটালি বিক্রি করে ভালো লাভ হবে।’
এ বিষয়ে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. লাভলী খাতুন বলেন, ‘বর্তমানে এ উপজেলায় রস আহরণের উপযোগী প্রায় ২৮ হাজার খেজুরগাছ রয়েছে। এসব গাছ থেকে প্রায় ৩১৬ মেট্রিক টন গুড় উৎপাদনের সম্ভাবনা রয়েছে। খেজুরের রস ও গুড়ের ঐতিহ্য ধরে রাখতে উপজেলাজুড়ে আরও বেশি করে খেজুরগাছ রোপণের পরামর্শ দেওয়া হচ্ছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here