সুন্দরবনের বনদস্যুদের খাদ্য সামগ্রী সরবরাহের অভিযোগে আটক ২ জন

0
8

এম কোহিনূর আলম কয়রা (খুলনা)প্রতিনিধি : সুন্দরবনে সক্রিয় বনদস্যু বাহিনীগুলোর কাছে খাবার ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার(১৭ নভেম্বর) বিকেলে খুলনার কয়রা উপজেলার ছোট আংটিহারা এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে চাল, তেল, সিগারেট, মুঠোফোনসহ ১৯ ধরনের মালামাল জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ছোট আংটিহারা গ্রামের মো. রুহুল কুদ্দুস শেখের ছেলে মো. ফরিদুজ্জামান (৩১) এবং ঘড়িলাল মোল্লাপাড়া গ্রামের মো. দাউদ আলী গাজীর ছেলে মো. রিপন হোসেন (২৪)।
আজ বুধবার (১৮ নভেম্বর) দুপুরে কয়রা থানায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম।
সংবাদ সম্মেলনে ওসি জানান, সুন্দরবনে সক্রিয় সালাম, মঞ্জু , অলী, ফজলু, মিঠু ভাই বাম্বা, ছাত্তার ও আমির আলী বাহিনীর সঙ্গে লোকালয়ের কিছু ব্যক্তির যোগাযোগ ও সহযোগিতার অভিযোগ রয়েছে। এসব ব্যক্তি বনদস্যুদের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে আসছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল গতকাল বিকেলে ছোট আংটিহারা এলাকায় অভিযান চালায়। এ সময় বনদস্যুদের জন্য খাবার ও পানি পরিবহনের সময় ওই দুজনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাঁদের কয়রা থানায় হস্তান্তর করা হয়।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুই বস্তা (৫০ কেজি) চাল, ৪৮টি স্লিপ, ২৪টি ম্যাচ, ৩৬ লিটার সয়াবিন তেল, আড়াই লিটার কেরোসিন, এক লিটার সরিষার তেল, চার প্যাকেট মশার কয়েল, ৮০ প্যাকেট সিগারেট, আটটি পানির জার, একটি পুরোনো রিয়েলমি স্মার্টফোন ও একটি আইটেল বাটন ফোন। এ ছাড়া বিস্কুট, ওষুধ, লিপজেল, মসলা, কেটলি, গেঞ্জি ও গামছাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছে।
ওসি মো. রাশেদুল আলম বলেন, আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here