টানা বৃষ্টিতে বাঘারপাড়ার কৃষকের স্বপ্নে জল, মাটিতে লুটিয়ে পড়েছে পাকা আমন, পানিতে ডুবছে সরিষার আবাদ

0
28

আজম খাঁন, বাঘারপাড়া (যশোর) : সোনালি ধানের শিষে যখন ঘরে ফসল তোলার স্বপ্ন দেখছিলেন কৃষকেরা, ঠিক তখনই প্রকৃতির বিরূপ আচরণে সেই স্বপ্নে যেন জল ঢেলে দিয়েছে ঘূর্ণিঝড় ‘আকভান’। দুই দিনের টানা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় যশোরের বাঘারপাড়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে আমন ধান ও সরিষার আবাদ। মাঠজুড়ে পাকা ধানগাছ মাটিতে নুয়ে পড়েছে। কোথাও কেটে রাখা ধান বৃষ্টির পানিতে ভিজে পড়ে আছে, আবার কোথাও জমে থাকা পানিতে ডুবে যাওয়ার উপক্রম হয়েছে নতুন বোনা সরিষার বীজ ও চারা।
মাসের পর মাস রোদ-বৃষ্টি উপেক্ষা করে যে ফসল ফলিয়েছেন কৃষকেরা, ঘরে তোলার ঠিক আগমুহূর্তে তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ধান কাটা, শুকানো ও ঘরে তোলা—সবকিছুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টির পানি। এতে ফলন কমে যাওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন এলাকার কৃষকেরা।
স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ১১ নভেম্বর বুধবার রাতে হঠাৎ বৃষ্টি ও ঝোড়ো হাওয়া শুরু হয়। এরপর বৃহস্পতিবার ও শুক্রবার টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন এলাকার ফসলি জমিতে পানি জমে যায়। এতে অধিকাংশ পাকা আমন ধানগাছ মাটির সঙ্গে হেলে পড়ে। বিশেষ করে যেসব জমির ধান পুরোপুরি পাকেনি, সেসব জমিতে ক্ষতির আশঙ্কা বেশি। অন্যদিকে, আগে কেটে মাঠে বিছিয়ে রাখা ধানও বৃষ্টির পানিতে ভিজে গেছে। দ্রুত পানি না সরলে এসব ধান পচে ও নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা।
উপজেলার বিভিন্ন বিল ও নিচু এলাকার মাঠে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। আজমপুর মাঠ, ধলগ্রামের দশপাখিয়া মাঠ, নারিকেলবাড়িয়ার সাদিপুর মাঠ, করিমপুর মাঠ, ইন্দ্রার কয়ারবটতলা, বিল জালেশ্বর, ভগেরবিল, হাবুল্যাহ ও মহিরন মাঠে তুলনামূলক বেশি পানি জমেছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।
শালবরাট গ্রামের কৃষক লিটন হোসেন আক্ষেপ করে বলেন, “কাটা ধানের বেশি ক্ষতি হয়েছে। অনেক ধান মাটির সঙ্গে মিশে গেছে। অনেকের ধান মাঠে কেটে ফেলে রাখা হয়েছে। জমির পানি দ্রুত না সরলে এসব ধান নষ্ট হয়ে যাবে। মাঠে দাঁড়িয়ে থাকা ধানও হেলে পড়েছে।”
ইন্দ্রা গ্রামের কৃষক তোজাম মুন্সি বলেন, “দুই দিনের বৃষ্টিতে মাঠের ধান মাটির সঙ্গে জড়িয়ে পড়েছে। এতে ধান কাটতে ও ঘরে তুলতে সমস্যা হবে। ফলন কম হওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টি আরও বাড়লে ক্ষতির পরিমাণ বেড়ে যাবে।”
শুধু আমন ধান নয়, নতুন করে সরিষার আবাদ নিয়েও বিপাকে পড়েছেন কৃষকেরা। আমন ধান কাটার পর যে জমিতে সরিষা ফলিয়ে বাড়তি আয়ের স্বপ্ন দেখছিলেন তাঁরা, সেই জমিতেও এখন বৃষ্টির পানি জমে রয়েছে। সদ্য বপন করা সরিষার বীজ ও চারা অতিরিক্ত পানিতে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পানি দ্রুত নিষ্কাশন না হলে অনেক জমিতে সরিষার চারা নষ্ট হতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।
কৃষকদের কাছে এই ক্ষতি শুধু কয়েক দিনের বৃষ্টিতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে সারা মৌসুমের শ্রম, উৎপাদন খরচ এবং পরিবারের ভরণপোষণের হিসাব। ধান ঘরে তোলার অপেক্ষায় থাকা কৃষকদের এখন চোখ মাঠের দিকে—কখন পানি নামবে, কখন ধান শুকাবে, আর কতটুকু ফসল শেষ পর্যন্ত ঘরে তোলা সম্ভব হবে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০২৬-২৭ খরিপ-২ মৌসুমে বাঘারপাড়ায় ১৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ব্রি ধান-৫১-এর আবাদ হয়েছে সবচেয়ে বেশি, ৪ হাজার ২৩ হেক্টর জমিতে। এ ছাড়া ব্রি ধান-৪৯ এক হাজার ১৭০ হেক্টর, ব্রি ধান-৮৭ এক হাজার ২৩০ হেক্টর এবং ব্রি ধান-১০৩ জাতের ধান ৫৭০ হেক্টর জমিতে চাষ করা হয়েছে। পাশাপাশি ব্রি ধান-৩৪, ব্রি ধান-৭৫, বিনা-৭, বিনা-১৭, স্থানীয় ও হাইব্রিড জাতের ধানও আবাদ করেছেন কৃষকেরা।
উপজেলা কৃষি কর্মকর্তা সাইয়েদা নাসরিন জাহান বলেন, “বৃষ্টির পানি দ্রুত সরে গেলে ক্ষতির পরিমাণ কম হবে। কৃষি বিভাগ মাঠের পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে।”
তবে কৃষকদের প্রত্যাশা, মাঠের পানি দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা ও ক্ষতিগ্রস্ত ফসলের পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণে কৃষি বিভাগের কার্যকর উদ্যোগ তাঁদের ক্ষতি কিছুটা হলেও কমাতে সহায়তা করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here