যশোর অফিস : যশোরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ৮টায় যশোর পুলিশ লাইন্সে এ কার্যক্রম শুরু হয়।
যশোরের পুলিশ সুপার ও জেলা রিক্রুট নিয়োগ বোর্ডের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের সভাপতিত্বে নিয়োগ কার্যক্রম পরিচালিত হয়। প্রথম দিন শুরু থেকে শেষ পর্যন্ত উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের শারীরিক মাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।
কার্যক্রম চলাকালে পুলিশ সুপার সরেজমিনে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়া পরিদর্শন করেন এবং দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি প্রার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক বক্তব্যও দেন।
প্রথম দিনের যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ প্রার্থীদের ব্রিফিং করেন পুলিশ সুপার। এ সময় তিনি নিয়োগের দ্বিতীয় দিনে প্রার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা দেন।
পুলিশ সুপার বলেন, সম্পূর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে কোনো দালাল বা প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ না করার জন্য তিনি প্রার্থীদের সতর্ক করেন।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা থেকে আসা প্রতিনিধিরা এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।














