যশোরে পলাতক আ’লীগ নেতাদের বাড়ি লক্ষ্য করে ককটেল হামলা

0
9

স্টাফ রিপোর্টার : যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।
রোববার (২২ নভেম্বর) দিনগত রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে পুরাতন কসবা, ঢাকা রোডসংলগ্ন ঘোষপাড়া ও পোস্ট অফিসপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে।
তবে পুলিশ শুধু পোস্ট অফিসপাড়ার একটি বাড়িতে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়ার কথা জানিয়েছে।
স্থানীয়রা জানান, সোমবার (২৩ নভেম্বর) সকালে পুরাতন কসবা এলাকার ঘোষপাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের ভাই আব্দুস সাত্তার চাকলাদারের বাড়ির সিঁড়িঘরের একটি কাচ ভাঙা দেখা যায়।
স্থানীয়দের ভাষ্য, রাত ১২টার পরপরই ওই এলাকায় চার থেকে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই এলাকার সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তৌহিদ চাকলাদার ফন্টুর বাড়িতেও ককটেল নিক্ষেপের খবর পাওয়া যায়। তবে সেখানে বিস্ফোরণের দৃশ্যমান কোনো আলামত পাওয়া যায়নি।
অন্যদিকে, ঢাকা রোডসংলগ্ন ঘোষপাড়ায় নিষিদ্ধ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুলের বাড়ি লক্ষ্য করে পাঁচটি ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছেন তার স্বজনেরা। তাদের ভাষ্য, ককটেলগুলো পাশের একটি বাড়ির দেয়ালে আঘাত করে।
আনোয়ার হোসেন বিপুলের ভাই অ্যাডভোকেট কামাল হোসেন পলাশ জানান, রাত সোয়া ১২টার দিকে মুখে সাদা মাস্ক পরা এক যুবক পরপর পাঁচটি ককটেল নিক্ষেপ করেন। পরে বাড়ির সিসিটিভি ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখতে পান তারা।
এদিকে, রোববার রাত থেকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের কয়েকজন নেতা তাদের ফেসবুক অ্যাকাউন্টে যশোর শহরের বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের খবর প্রচার করেন। এসব পোস্টে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার, যশোর সদর আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং পৌরসভার সাবেক কাউন্সিলর জাহিদ হোসেন মিলনের বাড়িতে হামলার দাবি করা হয়। তবে এসব ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া যায়নি। এর আগে শহরের পোস্ট অফিসপাড়ায় মাসুম আহমেদ শ্যামলের বাড়ি ও একটি রেস্টুরেন্ট লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, যশোর শহরের পোস্ট অফিসপাড়ার একটি বাড়িতে ককটেল নিক্ষেপের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছে। পোস্ট অফিসপাড়ায় মাসুম আহমেদ শ্যামলের বাড়িতে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। অন্য কোথাও ককটেল বিস্ফোরণের কোনো তথ্য বা আলামত পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here